
গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে অপহরণ, ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ডাকাত দলের প্রধান শহিদুল ইসলাম মাঝি ওরফে শহীদ মাঝি একসময় পুলিশের সোর্স (তথ্য দিতেন) ছিলেন। ওই সময় তিনি পুলিশের বিভিন্ন কৌশল রপ্ত করেন। গড়ে তোলেন ডাকাত দল। পরে পুলিশ পরিচয়ে ডাকাতি শুরু করেন। তাঁর বিরুদ্ধে সাতটি মামলার তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তার অন্যরা হলেন সাগর চন্দ্র মালি, শাহ আলম হাওলাদার, কামরুল ইসলাম ওরফে রমিজ তালুকদার, মাকসুদুল মোমিন ওরফে শামীম, মো. হাসান, নুরুল ইসলাম, খলিলুর রহমান, আকরাম হোসেন, দ্বীন ইসলাম ওরফে কাউছার আহম্মেদ, ইলিয়াছ আহম্মেদ ওরফে নিরব, ফরহাদ আলী, রিয়াজ হোসেন হাওলাদার ওরফে রিয়াজুল, শফিকুল ইসলাম লিটন, সেরাজুল ইসলাম ও জহিরুল ইসলাম পিন্টু।
সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান আরও বলেন, গত ১৭ জুন ক্যান্টনমেন্ট থানার জিয়া কলোনির সামনে ডিবি পরিচয়ে ডাকাত দলের সদস্যরা বিকাশের এক এজেন্টকে গাড়িতে তুলে নেন। এ সময় তাঁদের পরনে ডিবি লেখা পোশাক ছিল। তারপর হাত, পা ও চোখ বেঁধে মারধরের পাশাপাশি সঙ্গে থাকা ১৩ লাখ টাকা লুট করা হয়। পাশাপাশি মানিব্যাগে থাকা ১৯ হাজার টাকা এবং বিকাশ অ্যাকাউন্ট থেকে ৩৭ হাজার টাকা তুলে নেন তাঁরা। পরে বিকাশের ওই এজেন্টকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া এলাকায় ফেলে যায় ডাকাত দল।
এ ঘটনায় গত ২৪ জুন রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন বিকাশের ওই এজেন্ট। প্রযুক্তির সহায়তায় ডিবি পরিচয়ে অপহরণ ও ছিনতাইয়ে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়। পরে সোমবার গাজীপুরের কালিয়াকৈর থানার মৌচাক এলাকায় অভিযান চালিয়ে শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর ডেমরা এলাকা থেকে আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়। একই দিন খিলক্ষেত থানার ৩০০ ফুট সড়ক এলাকা থেকে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় আরও ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিবি জানায়, ঢাকার মতিঝিল, পল্টন, ধানমন্ডি ও গুলশান এলাকার ব্যাংক ও মানি এক্সচেঞ্জ হাউস থেকে টাকা নিয়ে বের হওয়া ব্যক্তিরা তাঁদের লক্ষ্যবস্তু। টাকা নিয়ে বের হওয়া ব্যক্তিকে পেছন থেকে মোটরসাইকেল নিয়ে অনুসরণ করতেন তাঁরা। এরপর পথে সুবিধাজনক স্থানে মাইক্রোবাস নিয়ে দলের অন্য সদস্যরা প্রস্তুত থাকতেন। একপর্যায়ে ডিবি পুলিশ পরিচয়ে লক্ষ্যবস্তু বানানো ব্যক্তিকে মাইক্রোবাসে তুলে নেওয়া হতো। পরে ভুক্তভোগীর কাছ থেকে সর্বস্ব লুট করে নিয়ে নির্জন স্থানে ফেলে পালিয়ে যেতেন তাঁরা।