নারায়ণগঞ্জে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবক খুন

ছুরিকাঘাত
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে হাফিজুর রহমান সোহান (২৭) নামের এক সিমেন্ট ব্যবসায়ী খুন হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে পাগলার রসুলপুর জয়নালের গ্যারেজে সামনে এ ঘটনা ঘটে।

নিহতের বাবা জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, পাগলার পূর্বপাড়া ইসলাম বাজারের বটতলায় তাঁর সিমেন্টের ব্যবসা। বুধবার রসুলপুর এলাকায় জয়নালের গ্যারেজের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিল হাফিজুর। পথে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী তাঁর পথরোধ করে বুকের নিচে ছুরিকাঘাত করে।

গুরুতর আহত অবস্থায় হাফিজুরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাত নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।