
নিখোঁজ হওয়ার ছয় দিন পর গতকাল বুধবার রাতে রাজধানীর দক্ষিণখানের দক্ষিণ পাড়া থেকে মাটি খুঁড়ে আফরোজা বেগম (৪০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আফরোজার নিখোঁজসংক্রান্ত সাধারণ ডায়েরির (জিডি) তদন্ত করতে গিয়ে পুলিশ আফরোজার লাশের সন্ধান পায়।
পুলিশ বলছে, লাশটিতে পচন ধরেছে। এ ঘটনার পর আফরোজার স্বামী আশরাফুল ইসলাম গত শুক্রবার কানাডা চলে গেছেন। আফরোজাকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মোর্শেদ আলম বলেন, আশরাফুলের বাড়ি দক্ষিণখানের দক্ষিণ পাড়ায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, আশরাফুল-আফরোজা দম্পতি কানাডা থাকতেন। সেখানে তাঁদের বিয়ে হলেও কাবিন হয়নি। গত এপ্রিলে তাঁরা দেশে ফিরে আসেন। কিছুদিন আগে আফরোজার বাড়ি নীলফামারীতে তাঁদের এক কোটি টাকার কাবিন করা হয়। এতে আশরাফুল তাঁর স্ত্রীর ওপর অসন্তুষ্ট ছিলেন। গত শুক্রবার এ নিয়ে দক্ষিণখানের দক্ষিণ পাড়ার বাসায় স্বামী-স্ত্রীর ঝগড়াঝাঁটি বেধে যায়।
একপর্যায়ে আশরাফুল বঁটি দিয়ে আফরোজার মাথায় কোপ দেন। এতে তাঁর মৃত্যু হয়। ওই দিনই আফরোজার লাশ মাটিচাপা দেওয়ার ঘটনা ঘটে। এরপর আশরাফুল কানাডা চলে যান। আশরাফুল ও আফরোজার এটি দ্বিতীয় বিয়ে। আগের ঘরে তাঁদের দুজনেরই সন্তান আছে।
পুলিশ কর্মকর্তা মোর্শেদ আলম আরও জানান, আফরোজার খোঁজ না পেয়ে তাঁর ভাই আরিফুল ইসলাম গত সোমবার দক্ষিণখান থানায় একটি জিডি করেন। ওই জিডির তদন্ত করতে গিয়ে পুলিশ আফরোজার লাশের সন্ধান পায়। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।