দুদকের মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত–২) মো. মোতাহার হোসেনকে আঘাত করে তাঁর কাছ থেকে দুটি আইফোন ও মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের আবেদনের ওপর শুনানি শেষে আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এ আদেশ দেন।
আসামিরা হলেন মো. শাহাজাদা (৪২) ও মো. রুবেল ওরফে বস্কার (২৮)। তাঁরা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য।
ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মিজানুর রহমান জানান, মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানা–পুলিশের পরিদর্শক আতিকুর রহমান আজ আসামিদের আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন। তবে আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। পরে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিদের কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়েছে, পুলিশ মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে গতকাল রোববার রাত সাড়ে ১০টায় আসামিদের গ্রেপ্তার করে। আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী, বসিলা মডেল টাউনের একটি বাসার পাশের ঝোপ থেকে দুটি আইফোন উদ্ধার করা হয়েছে। আসামিরা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তাঁদের নাম–ঠিকানা যাচাই প্রক্রিয়াধীন।
জামিনে গেলে পালিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মামলার তদন্তের স্বার্থে আসামিদের রিমান্ড চাওয়া হতে পারে।
ছিনতাইয়ের ঘটনায় দুদকের উপসহকারী পরিচালক মো. জাবেদ হোসেন (৩২) মোহাম্মদপুর থানায় গতকাল মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, দুদকের মহাপরিচালক মোতাহার হোসেন ৭ মার্চ রাত সাড়ে ১০টায় নামাজ শেষে মোহাম্মদপুর থানাধীন ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের পাশে হাঁটাহাঁটি করা অবস্থায় অজ্ঞাতনামা তিনজন আসামি চাপাতি, সামুরাই অস্ত্র দেখিয়ে ভয় দেখায়। এ সময় তাঁর কাছ থেকে দুটি আইফোন, ২০ হাজার টাকাসহ মানিব্যাগ, দুটি ভিসা কার্ড ও হাতঘড়ি ছিনিয়ে নেয়। অতঃপর আসামিরা আইফোনের পাসওয়ার্ডের জন্য তাঁকে আঘাত করে। পাসওয়ার্ড নেওয়ার পর তারা পালিয়ে যায়।