
ঢাকার ফকিরাপুলের কমরউদ্দিন লেনের একটি প্রেস থেকে দুই বছর আগে ১০ বছরের একটি শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার হয়। শিশুটি সেখানে কাজ করত না। দুই দিন আগে বেড়াতে এসেছিল সেখানকার কর্মচারী (১৮) বড় ভাইয়ের সঙ্গে। পুলিশের তদন্তে উঠে এসেছে, ওই বড় ভাই মনে করে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করেছিল প্রেসের সাবেক এক কর্মচারী (১৫)। সেখানকার সাবেক কর্মী এক কিশোরীকে ঘিরে শিশুটির বড় ভাইয়ের ওপর ক্ষুব্ধ ছিল কিশোরটি।
এ হত্যাকাণ্ডে ওই কিশোরকে আইনের সংস্পর্শে এনেছে পুলিশ। হত্যাকাণ্ডে দোষ স্বীকার করে আদালতে জবাবন্দি দিয়েছে ওই কিশোর। কীভাবে শিশুটিকে হত্যা করা হয়েছে, তারও বিস্তারিত বিবরণ দিয়েছে সে। সম্প্রতি এই মামলায় ওই কিশোরকে অভিযুক্ত করে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, যে শিশুটি নির্মম খুনের শিকার হয়েছিল, সে ওই কারখানায় প্রথম গিয়েছিল। দুই বছর তদন্তে প্রমাণিত হয়েছে, খুন হওয়া শিশুটির বড় ভাইয়ের সঙ্গে আইনের সংস্পর্শে আসা কিশোরের এই হত্যাকাণ্ডের ৯ থেকে ১০ দিন আগে বিরোধ হয়, মারামারি হয়। পরে সে খুন করার পরিকল্পনা করে। ঘটনার দিন প্রেসের মাচাংয়ে (কাঠের পাটাতন) কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকা শিশুকে তার বড় ভাই ভেবে বালিশচাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করে। পরে বিষয়টি ভিন্ন খাতে নিতে শিশুটির মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে চলে যায়।
মামলার কাগজপত্র ও তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, নিহত শিশুটির পরিবার থাকত যাত্রাবাড়ীর ধলপুরে। তারা দুই ভাই, দুই বোন। ওই শিশুকে গ্রামের বাড়ি পটুয়াখালীর একটি মাদ্রাসায় ভর্তি করেছিলেন তার বাবা। ২০২১ সালের জানুয়ারির শুরুর দিকে মাদ্রাসায় ছুটি পেয়ে সে ঢাকায় পরিবারের কাছে আসে। সেখানে দুই সপ্তাহের মতো থাকার পর ১৫ জানুয়ারি রাত ১০টার দিকে তাকে নিজের প্রেসে নিয়ে আসে কিশোর বড় ভাই। সে মাস দুয়েক আগে ওই প্রেসে কাজ নিয়ে সেখানেই থাকত।
যে প্রেসে শিশুটি খুন হয়েছিল, সেটির নিচতলায় বই বাঁধাইয়ের কাজ করতেন শ্রমিকেরা। শ্রমিকদের ঘুমানোর জন্য কাঠের পাটাতনের তৈরি মাচাং ছিল। ১৭ জানুয়ারি সকালে প্রেসের মালিক আনিস ভূঁইয়া শিশুটির বড় ভাই ও আরেকজন শ্রমিককে একটি কাজে মোহাম্মদপুরে পাঠান। পরে শিশুটি ওই মাচাংয়ের ওপর শুয়ে থাকে। বেলা পৌনে একটার দিকে সেখানে প্রেসের সাবেক কর্মী ওই কিশোর আসে। তার সঙ্গে খুন হওয়া শিশুটির বড় ভাইয়ের বিরোধ ছিল।
প্রেসে বই বাঁধাইয়ের কাজ করা একজন কিশোরীর সঙ্গে ওই কিশোরের ভালো সম্পর্ক ছিল। এ নিয়ে খুন হওয়া শিশুটির বড় ভাই তাকে ‘আজেবাজে’ কথা বলা নিয়ে দুজনের মধ্যে মারামারি হয়। পরে ওই কিশোরকে বকেয়া বেতন না দিয়ে প্রেস থেকে বের করে দেন মালিক। এ নিয়ে ওই কিশোর খুন হওয়া শিশুর বড় ভাইয়ের ওপর ক্ষুব্ধ ছিল।
ঘটনার দিন বকেয়া বেতন নেওয়ার জন্য কারখানায় আসে ওই কিশোর। পরে সে কারখানার ভেতরে গিয়ে মাচাংয়ের ওপর গিয়ে দেখে, একজন কম্বল জড়িয়ে শুয়ে আছে। তখন সে ভেবেছিল, যে কিশোরের সঙ্গে তার মারামারি হয়েছিল, যার ওপর ক্ষুব্ধ, সেই কিশোরই কম্বল পেঁচিয়ে ঘুমিয়ে আছে। তখন সে কম্বল প্যাঁচানো অবস্থায় বালিশ দিয়ে প্রথমে মুখচাপা দেয়। পরে শিশুটিকে খুন করার পর মাচাংয়ের ওপর থাকা একটা গামছা দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে। পরে আইনের সংস্পর্শে আসা কিশোর সেখান থেকে পালিয়ে যায়।
১০ বছরের শিশুটিকে ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখেন কারখানার মালিক। তখন তিনি চিৎকার দেন। পরে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই শিশুর ময়নাতদন্তে এসেছে, সে ধর্ষণের শিকার হয়েছিল। তবে পুলিশ অভিযোগপত্রে বলেছে, ময়নাতদন্ত প্রতিবেদনে ধর্ষণের বিষয়টি উল্লেখ করলেও পারিপার্শ্বিক সাক্ষ্য, কিশোরের জবানবন্দির তথ্য পর্যালোচনায় সে বিষয়ে প্রমাণ পাওয়া যায়নি।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুই বছর ধরে পারিপার্শ্বিক সাক্ষ্য, ফরেনসিক পরীক্ষার প্রতিবেদনের তথ্য পর্যালোচনা এবং আইনের সংস্পর্শে আসা কিশোরের জবানবন্দির তথ্য পর্যালোচনায় দেখা গেছে, কম্বল পেঁচিয়ে শুয়ে থাকা শিশুটিকে ওই কিশোর একাই খুন করে মৃতদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখেছিল। শিশুটি ধর্ষণের শিকার হওয়ার কোনো তথ্য–প্রমাণ মেলেনি।
এক প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, যে কিশোরীকে কেন্দ্র করে নিহত শিশুর ভাইয়ের ওপর ওই কিশোর ক্ষুব্ধ ছিল, তার অনেক খোঁজ করা হয়েছে। তবে তাকে এখনো পাওয়া যায়নি।
শিশুটির মা গতকাল শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, ‘আমার নিরপরাধ ছেলেকে যে খুন করেছিল, আমি তার শাস্তি চাই। আমার ছেলেকে মানুষের মতো মানুষ করতে চেয়েছিলাম। কিন্তু সে আমার বড় ছেলের কারখানায় গিয়ে খুন হয়ে যাবে, তা তো কখনো ভাবিনি।’