র‌্যাবের ভাষ্য

ফেসবুকে পেজ খুলে এসএসসির জাল প্রশ্নপত্র বিক্রি করছিলেন তাঁরা

র‍্যাবের হাতে গ্রেপ্তার তিন ব্যক্তি
ছবি: সংগৃহীত

চলমান এসএসসি-সমমানের পরীক্ষার জাল প্রশ্নপত্র বিক্রির অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে র‍্যাব-৭।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আহমদ রেজা খান, মোহাম্মদ রিফাত ও মোহাম্মদ আরমান। রেজা নগরের একটি মাদ্রাসার ফাজিল পর্যায়ের শিক্ষার্থী। রিফাত ও আরমান চট্টগ্রামের পটিয়ার একটি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবসার প্রথম আলোকে বলেন, তাঁরা গোপন তথ্যের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করেন। তাঁদের কাছ থেকে এসএসসি-সমমানের পরীক্ষার জাল প্রশ্নপত্র বিক্রির নানা আলামত উদ্ধার করা হয়েছে। তাঁরা ফেসবুকে পেজ খুলে এই প্রশ্নপত্র বিক্রি করে আসছিলেন। এ কাজে তাঁরা হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারও ব্যবহার করতেন। জাল প্রশ্নপত্র বিক্রির টাকা তাঁরা মুঠোফোনের মাধ্যমে গ্রহণ করতেন।

র‍্যাব-৭-এর এই কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা বিগত কয়েক বছরের প্রশ্নপত্রকে চলমান এসএসসি-সমমানের বলে তাঁদের ফেসবুক পেজে প্রচারণা চালিয়ে আসছিলেন। প্রতিটি বিষয়ের জন্য তাঁদের কাছে তিন সেট করে প্রশ্নপত্র আছে বলে তাঁরা বলে আসছিলেন। তাঁরা এভাবে প্রতারণা করছিলেন।

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে নগরের বাকলিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানায় র‍্যাব-৭। তাঁদের ইতিমধ্যে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাকলিয়া থানা-পুলিশ সূত্র প্রথম আলোকে জানায়, আজ শুক্রবার দুপুরের দিকে তিনজনকে আদালতে পাঠানো হতে পারে।