
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় প্রতিবেশী এক চাচার বিরুদ্ধে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। বুধবার রাতে ভুক্তভোগী ছাত্রীর চাচা বাদী হয়ে থানায় মামলা করেন। বৃহস্পতিবার ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সুজন মিয়া বলেন, ভুক্তভোগী ছাত্রীকে জিজ্ঞাসাবাদের পর ঘটনার সত্যতা পেয়ে মামলা করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীকে বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে জবানবন্দির জন্য তাকে আদালতে নেওয়া হয়। তিনি আরও বলেন, অভিযুক্ত আকরামুল (২৫) ঘটনার পর এলাকাছাড়া। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মামলার সংক্ষিপ্ত এজাহার ও বাদীর সঙ্গে কথা বলে জানা গেছে, বাদী নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের বাসিন্দা। কর্মসূত্রে তিনি ও তাঁর বড় ভাই ঢাকায় শ্রমজীবী হিসেবে কাজ করেন। ভুক্তভোগী তাঁর বড় ভাইয়ের মেয়ে। সে স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। বর্তমানে স্কুলে রোজার ছুটি চলছে। অন্যদিকে ঋণগ্রস্ত থাকায় তাঁর বড় ভাই পাঁচ-ছয় বছর ধরে গ্রামের বাড়িতে আসেন না।
মামলার বাদী জানান, ৩০ মার্চ সন্ধ্যার পর তাঁর প্রতিবেশী চাচাতো ভাই আকরামুল (২৫) তাঁদের বাড়িতে গিয়ে ভাতিজিকে জানায়, ঢাকা থেকে তার (ছাত্রী) বাবা ঈদের জিনিসপত্র নিয়ে গ্রামে এসেছেন। কিন্তু গ্রামের লোকজন তাঁকে দেখে ফেলতে পারে এই ভয়ে তিনি বাড়িতে আসার সাহস পাচ্ছেন না। বাবার সঙ্গে দেখা করানোর আশ্বাস দিয়ে আকরামুল ভাতিজিকে বাড়ি থেকে দূরে একটি পুকুরের পাড়ে নিয়ে যান। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে ধর্ষণ করেন। পরে বিবস্ত্র অবস্থায় মোবাইলে কয়েকটি ছবি তোলেন আকরামুল। ভাতিজিকে ওই ছবি দেখিয়ে হুমকি দেন, ধর্ষণের ঘটনা কারও কাছে প্রকাশ করলে ছবি গ্রামের সবার মোবাইলে ছড়িয়ে দেবেন।
ভুক্তভোগী ছাত্রী জানায়, ছবি প্রকাশের ভয়ে সে ঘটনাটি কারও কাছে প্রকাশ করেনি। কিন্তু ঘটনার পর তাঁর মানসিক অবস্থা দেখে বাড়ির লোকজন তাকে নানা প্রশ্ন করতে শুরু করেন। একপর্যায়ে স্বজনদের কাছে চাচার (আকরামুল) দ্বারা ধর্ষিত হওয়ার কথা স্বীকার করে সে।
মামলার বাদী বলেন, ঘটনা শুনে তিনি ঢাকা থেকে বাড়িতে ফিরে আকরামুলকে অভিযুক্ত করে থানায় মামলা করেন। তিনি আরও বলেন, আইনি কার্যক্রমের প্রাথমিক ধাপ সম্পন্নের পর তাঁর ভাতিজি লোকলজ্জায় নিজ বাড়িতে থাকতে রাজি হয়নি। পরে তাকে এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি অভিযুক্ত আকরামুলের কঠোর শাস্তির দাবি করেন।
ঘটনার পর অভিযুক্ত আকরামুল গা ঢাকা দিয়েছেন। এ বিষয়ে তাঁর বক্তব্য জানতে তাঁর বাড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি।