
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর হাতব্যাগ থেকে ১২টি সোনার বার জব্দ করা হয়েছে।
আজ শুক্রবার সকালে এই সোনার বার জব্দ করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সহায়তায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা এই সোনার বার জব্দ করেন।
সোনার বার জব্দের ঘটনায় মো. মিজান উদ্দিন নামের যাত্রীকে আটক করা হয়েছে। তিনি সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে আসেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, জব্দ সোনার বারের ওজন ১ কেজি ৩৯৮ গ্রাম। বাজারমূল্যে এই সোনার বারের দাম ৯০ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ প্রথম আলোকে বলেন, সংযুক্ত আরব আমিরাত থেকে আসা একটি উড়োজাহাজ আজ সকালে বিমানবন্দরে অবতরণ করে। এই উড়োজাহাজে করে চট্টগ্রামে আসেন মো. মিজান উদ্দিন নামের এক যাত্রী। তিনি বিমানবন্দরের আন্তর্জাতিক আগমন হল থেকে ফোনে কথা বলতে বলতে শৌচাগারের দিকে যেতে থাকেন। এ সময় তাঁকে সন্দেহ হয় কর্মকর্তাদের। কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তাঁর হাতে থাকা ছোট ব্যাগ থেকে সোনার বার উদ্ধার করা হয়।
সোনার বার উদ্ধারের ঘটনায় মিজান উদ্দিনকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।