জেপি নেতা সালামের হত্যাকারীরা শনাক্ত: পুলিশ

আবদুস সালাম বাহাদুর
আবদুস সালাম বাহাদুর

জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় নেতা আবদুস সালাম বাহাদুর (৫২) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রাইভেট কারটি শনাক্ত করা হয়েছে। শেরেবাংলা নগর থানা-পুলিশ এ তথ্য জানিয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন বিষয় মাথায় রেখে তদন্ত চলছে। হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি রাতের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা যাবে।’

পারিবারিক সূত্র জানায়, সালাম বাহাদুর জেপির কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক ছিলেন। তাঁর গ্রামের বাড়ি পিরোজপুরের ইন্দুরকানিতে। তিনি রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর সড়কের একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন। রাজনীতির পাশাপাশি তিনি ঠিকাদারিও করতেন।

পুলিশ জানায়, সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, গত শনিবার মধ্যরাতে লাল রঙের একটি প্রাইভেট কার থেকে এক তরুণ ও এক তরুণী সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে জেপি নেতা সালামের লাশ ফেলে যান। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তাঁর হাত ও হাতের কবজি ভাঙা ছিল এবং পায়ে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই আবদুল করিম রোববার শেরেবাংলা নগর থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

আবদুল করিম জানান, সোমবার সকাল আটটায় পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সেখানে জেপি নেতারা অনতিবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।