
ঈদ সামনে রেখে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালানবিরোধী অভিযান শুরু করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বুধবার দিনভর এই বিশেষ অভিযানের প্রথম দিনে বিপুল পরিমাণ সোনা, মুঠোফোন, ল্যাপটপ ও প্রসাধনসামগ্রী উদ্ধার করা হয়েছে।
এপিবিএন সূত্র জানায়, দিনভর বিমানবন্দরে অভিযান চালিয়ে ১৩ যাত্রীর কাছ থেকে ৯৭৩ গ্রাম সোনা, ১০৪টি মুঠোফোন, ৫০ কার্টন সিগারেট, ৩৫ কেজি বিউটি ক্রিম ও ২টি ল্যাপটপ জব্দ করা হয়েছে।
শুল্ক-কর ফাঁকি দিয়ে পণ্যগুলো নিয়ে কাস্টমসের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় ওই যাত্রীদের আটক করা হয়েছে। তাঁরা মধ্যপ্রাচ্যের দুবাই, সৌদি আরব ও ওমান থেকে এসেছেন।
এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক প্রথম আলোকে বলেন, ঈদ উপলক্ষে একটি চক্র সক্রিয় হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে এখন থেকে অভিযান চলমান থাকবে। ঈদের আগে কোনো চক্র যেন অবৈধ সুবিধা নিতে না পারে, সে জন্য এপিবিএন তাদের কার্যক্রম আরও জোরদার করেছে।
আটক যাত্রীদের কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে উল্লেখ করে জিয়াউল হক বলেন, আটক পণ্যসামগ্রীর বাজারমূল্য দেড় কোটি টাকা।