
সময়ের ব্যবধান মাত্র ২১ দিন। গভীর রাতে একই জায়গায় একই কায়দায় খুন হন দুজন। পুলিশ খুনিদের ধরতে কোনো সূত্র পাচ্ছিল না। অবশেষে ঘটনাস্থল থেকে কিছু দূরের একটি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার অস্পষ্ট ছবি ও চুলের সিঁথির সূত্র ধরে খুনিদের শনাক্ত করা হয়েছে। পুলিশ বলছে, ধরা পড়েছে দুই খুনি।
খুনের ঘটনা দুটি ঘটেছে ঢাকার ডেমরার আমুলিয়া মডেল টাউন এলাকায়। প্রথম ঘটনাটি ঘটে গত ১৩ মার্চ। খুনের শিকার হন ব্যাটারিচালিত রিকশাচালক মিরাজ হোসেন। এরপর গত ৩ এপ্রিল খুন হন আরেক রিকশাচালক স্বপন ইসলাম। পুলিশ বলছে, রিকশা ছিনিয়ে নিতেই তাঁদের খুন করা হয়েছে।
দ্বিতীয় খুনের পর একটি সিসি ক্যামেরার ফুটেজে অস্পষ্ট এক ব্যক্তির ছবি পাওয়া যায়, যাঁর চুলে সিঁথি করা ছিল ডান দিন থেকে। এরপর পুলিশ ব্যাটারিচালিত রিকশা চোরদের মধ্যে কে চুলে সিঁথি ডান দিক দিয়ে করে, তা খোঁজ করতে থাকে।
পুলিশের ডেমরা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মধুসূদন দাস প্রথম আলোকে বলেন, খুনের এই দুই ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী ছিল না। দ্বিতীয় খুনের ঘটনার পর ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরের একটি সিসি ক্যামেরার ফুটেজে সন্দেহভাজনদের অস্পষ্ট চেহারা দেখা যায়। ছবিটির সূত্র ধরেই শুরু হয় তদন্ত। তদন্তে খুনিদের যেমন শনাক্ত করা গেছে, তেমনি চোরাই রিকশা কেনাবেচার সঙ্গে জড়িত ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।
ডেমরার আমুলিয়া মডেল টাউন এলাকার যেখানে খুনের ঘটনা ঘটেছে, সেটি রাতে নির্জন থাকে। এলাকাটি সরকারি বা বেসরকারিভাবে স্থাপিত কোনো সিসি ক্যামেরার আওতায় নেই। পুলিশ জানায়, প্রথম খুনের পর ঘটনাস্থলের আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হয়। তবে তাতে কোনো সূত্র পাওয়া যায়নি। দ্বিতীয় খুনের পর একটি সিসি ক্যামেরার ফুটেজে অস্পষ্ট এক ব্যক্তির ছবি পাওয়া যায়, যাঁর চুলে সিঁথি করা ছিল ডান দিন থেকে। এরপর পুলিশ ব্যাটারিচালিত রিকশা চোরদের মধ্যে কে চুলে সিঁথি ডান দিক দিয়ে করে, তা খোঁজ করতে থাকে।
তাঁরা রাত ১২টার পর ছিনতাই করতে বের হন। শুরুতে তাঁরা যাত্রী সেজে রিকশায় ওঠেন। রিকশাচালককে এমন গন্তব্যে যাওয়ার কথা বলেন, যার মাঝপথে নির্জন জায়গা আছে। নির্জন কোনো জায়গায় যাওয়ার পর চালকের গলায় আচমকা গামছা পেঁচিয়ে ধরেন ছিনতাইকারীরা। রিকশা ছিনতাইয়ে চালক বাধা দিলে প্যাঁচানো গামছা দিয়েই তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়।
তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত শুরুর পর ডেমরা অঞ্চলে ব্যাটারিচালিত রিকশা চুরি করে, এমন পাঁচটি চক্রকে শনাক্ত করা হয়। তিনটি চক্রের সাতজনকে গ্রেপ্তার করা হয়। কিন্তু চুলে ডান দিকে সিঁথি করা সেই ব্যক্তিকে পাওয়া যায়নি। কেউ তাঁকে চিনতেও পারছিলেন না। তবে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন জানান, ব্যক্তিটি চনপাড়ার নয়ন হতে পারেন। পুলিশ পরে নয়নের দুই সহযোগীকে গ্রেপ্তার করে।
তাঁরাই নিশ্চিত করেন যে চুলে ডান দিকে সিঁথি করা ব্যক্তিটি নয়ন। খুনের ঘটনায় তাঁরাও নয়নের সঙ্গে ছিলেন। চালকেরা রিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় তাঁদের খুন করা হয়।
খুনের ঘটনা দুটির তদন্তে নেমে পাঁচটি ছিনতাই চক্রের ১৬ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়ে পুলিশ বলছে, এর মধ্যে খুনে সরাসরি জড়িত মো. জাহিদ ও মো. নাঈম রয়েছেন। গত ১৪ এপ্রিল ডেমরা স্টাফকোয়ার্টার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সূত্র জানায়, জবানবন্দিতে তাঁরা হত্যার দায় স্বীকার করেছেন। তবে খুনের নেতৃত্ব দেওয়া নয়নকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
কীভাবে দুই রিকশাচালককে খুন করা হয়েছে তা আদালতে দেওয়া জবানবন্দিতে বিস্তারিত বলেছেন দুই আসামি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নয়ন নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়ার বাসিন্দা। তাঁর নেতৃত্বে ৬ থেকে ৭ জনের একটি চক্র ছয় মাস ধরে ডেমরা, যাত্রাবাড়ী, সবুজবাগ, খিলগাঁও ও আশপাশের এলাকায় ব্যাটারিচালিত রিকশা ছিনতাই করছে। তাঁরা রাত ১২টার পর ছিনতাই করতে বের হন। শুরুতে তাঁরা যাত্রী সেজে রিকশায় ওঠেন। রিকশাচালককে এমন গন্তব্যে যাওয়ার কথা বলেন, যার মাঝপথে নির্জন জায়গা আছে। নির্জন কোনো জায়গায় যাওয়ার পর চালকের গলায় আচমকা গামছা পেঁচিয়ে ধরেন ছিনতাইকারীরা। রিকশা ছিনতাইয়ে চালক বাধা দিলে প্যাঁচানো গামছা দিয়েই তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়।
মামলার তদন্তের সঙ্গে যুক্ত ডেমরা থানার উপপরিদর্শক বিলাল আল আজাদ জানান, গত ৩ এপ্রিল খুন হওয়া স্বপন ইসলামের রিকশায় যাত্রী সেজে উঠেছিলেন নয়ন ও তাঁর সহযোগী জাহিদ। রাত ১২টার দিকে যাত্রাবাড়ী থেকে তাঁরা দুজন আমুলিয়া মডেল টাউন যাওয়ার জন্য রিকশাটি ২০০ টাকায় ভাড়া নেন। পেছনে নিজেদের একটি রিকশায় ছিলেন তাঁদের অন্য দুই সহযোগী নাঈম ও রায়হান।
খুনের শিকার হওয়া মিরাজ হোসেনের রিকশার রং ছিল লাল। উদ্ধার অভিযানে গিয়ে দেখা যায়, রিকশাটিতে সবুজ রং করা হচ্ছে।এসআই বিলাল আল আজাদ, ডেমরা থানা
বিলাল আল আজাদ বলেন, আমুলিয়া মডেল টাউনের একটি নির্জন জায়গায় গিয়ে চালকের গলায় গামছা পেঁচিয়ে রিকশা দিয়ে দিতে বলেন খুনিরা। চালক বাধা দেওয়ায় তাঁর মুখে ইট দিয়ে আঘাত করা হয়। পরে তাঁকে শ্বাসরোধে হত্যার পর রিকশা নিয়ে চলে যান খুনিরা। একই কৌশলে ২১ দিন আগে রিকশাচালক মিরাজ হোসেনকে খুন করে রিকশা ছিনতাই করা হয়েছিল।
ঢাকার যেসব এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলে, সেখানে খোঁজ নিয়ে জানা গেছে, পুরোনো ব্যাটারিচালিত রিকশার বাজারমূল্য ব্যাটারিসহ ৫০ থেকে ৬০ হাজার টাকা। তবে রিকশা বেশি পুরোনো না হলে বেশি দাম পাওয়া যায়।
পুলিশ বলছে, ছিনতাইকারীরা ছিনতাই করা রিকশা বিক্রি করেন মাত্র ১০ হাজার টাকায়। চোরাই রিকশার ক্রেতাদের একজন চনপাড়ার বাসিন্দা মো. সেলিম। ডেমরার মালা মার্কেটে তাঁর রিকশার গ্যারেজ আছে। সর্বশেষ খুন হওয়া মিরাজ হোসেনের রিকশাটিও সেলিমের গ্যারেজ থেকে উদ্ধার করা হয়েছে।
ডেমরা থানার এসআই বিলাল আল আজাদ বলেন, চোরাই রিকশা কেনার পর দ্রুততম সময়ের মধ্যে তার যন্ত্রাংশ খুলে ফেলা হয়। আলাদা করে ফেলেন গ্যারেজ মালিক। রিকশার রংও বদলে ফেলা হয়, যাতে রিকশা আর শনাক্ত করা সম্ভব না হয়। খুনের শিকার হওয়া মিরাজ হোসেনের রিকশার রং ছিল লাল। উদ্ধার অভিযানে গিয়ে দেখা যায়, রিকশাটিতে সবুজ রং করা হচ্ছে।
চোরাই রিকশা কেনাবেচার সঙ্গে জড়িত সেলিমকে গ্রেপ্তার করে আদালতে তোলার পর তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাঁকে কারাগারে পাঠান। চনপাড়ার কয়েকজন জানান, সেলিম দীর্ঘদিন ধরে ডেমরা ও আশপাশ এলাকা থেকে চুরি ও ছিনতাই হওয়া ব্যাটারিচালিত রিকশা কিনে তা বিক্রি করতেন।
চনপাড়ার নয়ন রিকশা ছিনতাইয়ের পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িত এবং গত নভেম্বরে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত মো. শাহীন ওরফে সিটি শাহীনের অন্যতম সহযোগী বলে দাবি করেছেন চনপাড়ার কয়েকজন ও পুলিশের কর্মকর্তারা। তাঁরা বলছেন, চনপাড়ার একটি অপরাধ চক্রের নেতৃত্বে ছিলেন শাহীন। নয়ন তাঁর (শাহীন) সহযোগী হিসেবে চুরি, ছিনতাই এবং মাদক ব্যবসা করেন। তাঁর বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ কয়েকটি মামলা রয়েছে।
শাহীন নিহত হওয়ার পর নয়ন চনপাড়া থেকে সরে ডেমরার সারুলিয়ায় চলে যান। পুলিশ বলছে, সম্প্রতি তিনি অন্য একটি অপরাধী চক্রের ছত্রচ্ছায়ায় চনপাড়ায় ফিরে গেছেন।
চনপাড়ার অবস্থান নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে হলেও ভৌগোলিকভাবে এটি ঢাকার ডেমরার সঙ্গে লাগোয়া। এটি অনেকটা বিচ্ছিন্ন দ্বীপের মতো। ডেমরা হয়ে চনপাড়ায় যাতায়াত সবচেয়ে সহজ। বালু নদ ও শীতলক্ষ্যা নদীসংলগ্ন ১২৬ একর জমির ওপর ১৯৭৪ সালে একটি পুনর্বাসন কেন্দ্র হিসেবে চনপাড়া গড়ে তোলা হয়।
পুলিশ বলছে, দ্বীপের মতো এই এলাকায় ঢাকা ও আশপাশের এলাকার অপরাধীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে। চনপাড়ায় লাখখানেক লোক থাকে। এটি রাজধানীর অপরাধীদের একটি আশ্রয়স্থল হয়ে উঠেছে। গত নভেম্বরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূরের লাশ উদ্ধারের পর চনপাড়াকেন্দ্রিক অপরাধীরা তাঁকে খুন করেছেন বলে সন্দেহ করা হয়েছিল।
পুলিশের ডেমরা অঞ্চলের সহকারী কমিশনার মধুসূদন দাস প্রথম আলোকে বলেন, দুই রিকশাচালক খুনের ঘটনায় নয়নসহ বাকিদের ধরার চেষ্টা চলছে।