
রাজধানীর ধানমন্ডির পূরবী জুয়েলার্সে চুরির পরিকল্পনা করা হয় প্রায় চার মাস আগে। মার্শাল সিকিউরিটি লিমিটেডের এক কর্মকর্তা ও মো. মিজান সিকদার নামের একজন চুরির এই পরিকল্পনা করেন। সেই অনুযায়ী মিজানকে জুয়েলারি দোকানটির নিরাপত্তাকর্মী হিসেবে ঢোকানো হয়। তিনি প্রায় তিন মাস গোপনে পর্যবেক্ষণ চালিয়ে যান। সোনা লেনদেন ও অন্যন্য তথ্য সংগ্রহ করতে থাকেন। এরপর এক মাস আগে চক্রের আরও এক সদস্যকে মার্কেটের নিরাপত্তাকর্মী নিয়োগদাতা প্রতিষ্ঠান ঢাকা প্রপার্টি সার্ভিস লিমিটেডে যুক্ত করেন। পরে তাঁকে মার্কেটের নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ করা হয়। তবে এই দুজনের নিয়োগেই প্রয়োজনীয় সব তথ্য ভুল দেওয়া হয়। একইভাবে ১৫ দিন আগে ঢাকা প্রপার্টিতে আরও একজনকে নিয়োগ দেওয়া হয়। তিনি মার্কেটের হয়ে কাজ শুরু করেন।
পরিকল্পনা অনুযায়ী, এই চারজন নিজেদের সঙ্গে যোগাযোগ রক্ষায় মিথ্যা তথ্য দিয়ে তিনটি মুঠোফোন কেনেন। এই ফোনে অন্য কারও সঙ্গে তাঁরা যোগাযোগ করেননি। ফোনগুলো ঘটনার কয়েক ঘণ্টা পর ফেলে দেন। তবে পুলিশ তাঁদের শনাক্ত করতে পেরেছে বলে দাবি করেছে পুলিশ।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন। ঘটনার পর থেকে মিজান, সিকিউরিটি কোম্পানির ওই কর্মকর্তা এবং মার্কেটের আরও দুই নিরাপত্তাকর্মী আত্মগোপনে রয়েছেন।
গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে রাজধানীর ধানমন্ডি ৬/এ এলাকায় আনাম র্যাংগস প্লাজায় পূরবী জুয়েলার্সে গয়নার দোকানে চুরি হয়। জুয়েলার্সের বিক্রেতা জোবায়ের আহমেদ বলেন, গভীর রাতে নামে ওই শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করা হয়। এরপর দোকানের গয়না চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় ধানমন্ডি মডেল থানায় মামলা করেন পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ। এজাহারে বলা হয়, চোরেরা শোরুমের চেম্বারে রাখা বিভিন্ন ধরনের গয়না নিয়ে গেছে। সব মিলিয়ে ২৩ হাজার ২০০ গ্রাম সোনা ও হীরার গয়না চুরি হয়েছে। এসব অলংকারের আনুমানিক মূল্য ৩৮ কোটি টাকা। এ ছাড়া শোরুমের ড্রয়ার থেকে ১০ লাখ টাকা নিয়ে গেছে চোরেরা।
পরিকল্পনা অনুযায়ী এই চারজন নিজেদের সঙ্গে যোগাযোগ রক্ষায় মিথ্যা তথ্য দিয়ে তিনটি মুঠোফোন কেনেন। এই ফোনে অন্য কারও সঙ্গে তাঁরা যোগাযোগ করেননি। ফোনগুলো ঘটনার কয়েক ঘণ্টা পর ফেলে দেন। তবে পুলিশ তাদের শনাক্ত করতে পেরেছে বলে দাবি করেছে পুলিশ।
আজ রোববার মামলায় গোলাম সরোয়ার (৫৮), মো. আমিনুর রহমান (৫৭) ও রিজওয়ানুল ইসলাম লাহিন (২৮) নামের তিন আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এই চুরির ঘটনার পর থেকে থানা পুলিশ ছাড়াও একাধিক ইউনিট তদন্তে যুক্ত হয়েছেন। এর মধ্যে রয়েছ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তদন্তে যুক্ত ওই কর্মকর্তা বলেন, পলাতক ওই তিন জনেরই রেকর্ড খারাপ। তারা মূলত ডাকাতিতে জড়িত। তাদের দ্রুত গ্রেপ্তার এবং সোনা উদ্ধার করতে তাদের বিষয়ে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।
পুলিশ বলেছ, ঘটনাস্থল রক্তের ফোটা থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। গ্লাস ভেঙে গয়না বের করার সময় কারও হাত কেটে এই রক্ত বের হতে পারে। একই সময়ে বিভিন্ন অংশ থেকে জড়িত ব্যক্তিদের আঙুলের ছাপ সংগ্রহ করা গেছে। এই দুটি আলামতের ওপর ভিত্তি করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।
পুলিশ বলেছ, ঘটনাস্থল রক্তের ফোঁটা থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। গ্লাস ভেঙে গয়না বের করার সময় কারো হাত কেটে এই রক্ত বের হতে পারে। একই সময়ে বিভিন্ন অংশ থেকে জড়িত ব্যক্তিদের আঙুলের ছাপ সংগ্রহ করা গেছে।
আজ দুপুর ১২টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ক্ষতিগ্রস্ত পূরবী জুয়েলার্স বন্ধ। বাইরে তাদের কয়েকজন বিক্রয়কর্মী অপেক্ষা করছেন। সেখানে মার্শাল সিকিউরিটিজের এক নিরাপত্তাকর্মীকেও দেখা যায়।
বিক্রয়কর্মী জোবায়ের আহমেদ প্রথম আলোকে বলেন, ‘চোরেরা যে যন্ত্র দিয়ে তালা কেটেছিল, সেটি নিতে পুলিশ আসবে, এ জন্য আমরা এসেছি। তবে দোকানটি আবার চালু হবে কি না, তা আমাদের মালিক পক্ষই বলতে পারবে। আমরা এখন চাকরি নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছি।’
সেখানে অপেক্ষা করছিলেন মানিক দেব নামের ওই জুয়েলার্সের আরেক বিক্রয়কর্মী। তিনি প্রথম আলোকে বলেন, মালিকের বড় ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতি মোকাবিলা করে এই প্রতিষ্ঠান চালিয়ে যাওয়া কঠিন। দোকানটি আবার চালু হবে কি না; কিংবা তাঁদের কর্মসংস্থানের কী হবে—তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন।
পরে এক বিক্রয়কর্মী প্রথম আলোর কাছে অভিযোগ করেন, মিজান সিকদার এই ঘটনার মূল হোতা। তিনি যোগদানের পর থেকেই অস্বাভাবিক আচরণ করছিলেন।
আজ দুপুরে ওই মার্কেটে গিয়ে দেখা যায় অন্যান্য দিনের মতোই বিক্রির ব্যস্ততা শুরু হয়েছে। সেখানে কথা হয় একাধিক বিক্রেতা ও দোকান মালিকের সঙ্গে। তারা নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন।
ইমিটেশনের গয়নার একটি দোকানের মালিক মো. ইয়াসিন। তিনি প্রথম আলোকে বলেন, আমাদের সব পুঁজি নিয়ে ব্যবসায় নেমেছি। হঠাৎ এমন একটি ঘটনা সবকিছু এলোমেলো করে দিতে পারে। এ জন্য আমরা কর্তৃপক্ষের কাছে বাড়তি নিরাপত্তাকর্মী দেওয়ার অনুরোধ করেছি।
ঘটনাস্থলের পাশে পেল ব্লু নামের একটি দোকানের বিক্রয়কর্মী ফাতেমা আক্তার দোলা প্রথম আলোকে বলেন, ‘আমাদের দোকানেও তো হতে পারত। ওই দোকানে চুরির পর থেকে আমরাও আতঙ্কে আছি।’
পূরবী জুয়েলার্সে পৌনে তিন বছর আগে একবার সোনা চুরির চেষ্টা করা হয়েছিল। সেবার নিরাপত্তাকর্মীদের মিষ্টি খাইয়ে অচেতন করে সোনা চুরির পরিকল্পনা করা হয়েছিল। বিক্রয়কর্মী জোবায়ের আহমেদ প্রথম আলোকে বলেন, ‘২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের নিজস্ব দুজন নিরাপত্তাকর্মীকে অচেতন করে স্বর্ণ চুরির চেষ্টা চালানো হয়েছিল। তখন মার্কেট নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত দুজন কর্মী কারও বিয়ে হয়েছে জানিয়ে আমাদের নিজস্ব দুই নিরাপত্তাকর্মীকে মিষ্টি খাইয়েছিল। মিষ্টি খাওয়ার কিছুক্ষণ পরই একজন নিরাপত্তাকর্মী পুরোপুরি অচেতন হয়ে পড়েন। অন্যজন অসুস্থবোধ করলেও পুরোপুরি অচেতন হওয়ার আগেই কৌশলে শোরুমের ব্যবস্থাপককে বিষয়টি জানাতে পেরেছিলেন।’
জোবায়ের বলেন, ওই সময় শোরুমের ব্যবস্থাপক তাৎক্ষণিকভাবে বিষয়টি মালিককে জানিয়েছিলেন। মালিকের পক্ষ থেকে ধানমন্ডি থানায় খবর দেওয়া হলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর চক্রের সদস্যরা চুরির কাজে ব্যবহৃত ভারী যন্ত্রপাতি মার্কেটের পেছনে শৌচাগারের পাশে ফেলে রেখে পালিয়ে গিয়েছিল। তিনি বলেন, ওই ঘটনার পর শোরুম কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। চুরি না হওয়ায় বিষয়টি খুব একটা গুরুত্ব পায়নি। এ সুযোগে মার্কেটের যে দুজন নিরাপত্তাকর্মী মিষ্টি খাইয়েছিলেন, তাঁরা পালিয়ে যান।
আনাম র্যাংগস প্লাজা ওনার্স অ্যাসোসিয়েশনের ডিরেক্টর আবুল খায়ের আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, শপিং মলে ঢাকা প্রপার্টির রাতে ৮ জন এবং দিনে ৪ জন থাকেন। সিসিটিভি ফুটেজে চুরির সঙ্গে মোট তিনজন জড়িত থাকতে দেখা যায়। তাঁদের মধ্যে পূরবী জুয়েলার্সের নিজস্ব সিকিউরিটি একজন এবং মার্কেটের সিকিউরিটি কোম্পানি ঢাকা প্রপার্টি সার্ভিস লিমিটেডের দুজন সম্পৃক্ত রয়েছেন। মার্কেটের পক্ষ থেকে সিকিউরিটি কোম্পানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে তাঁদের মতামত জানার জন্য চিঠি দেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে ঢাকা প্রপার্টি সার্ভিস লিমিটেডের জেনারেল ম্যানেজার আবদুর রউফকে প্রশ্ন করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘থানা–পুলিশ এ বিষয়ে তদন্ত করে দেখছে। আমাদের কোনো গাফিলতি ছিল না।’ অন্যদিকে মার্শাল সিকিউরিটির দুটি নম্বরে একাধিকবার ফোন করা হলেও সাড়া পাওয়া যায়নি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব প্রথম আলোকে বলেন, তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করা গেছে। শিগগিরই সবাইকে আইনের আওতায় আনা হবে।