দারুস সালামে ছুরিকাঘাতে কিশোর নিহত

লাশ
প্রতীকী ছবি

রাজধানী ঢাকার দারুস সালাম বসুপাড়া এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে সিয়াম খান (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ সোমবার আকবর আলী ও ইমরান নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

দারুস সালাম থানার পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার দুই যুবককে জিজ্ঞাসাবাদ করে হত্যার কারণ জানার চেষ্টা চলছে। তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত বলা যাচ্ছে না।

সিয়ামের মামা মাহফুজ জানান, গতকাল রাতে বাসা থেকে বের হলে বসুপাড়া এলাকার পরিচিত বন্ধুবান্ধব তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিয়াম লালকুঠি এলাকায় পরিবারের সঙ্গে  থাকত। তাঁর বাবার নাম আমির হোসেন। সে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ জানায়, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

১০ মে জ্যেষ্ঠ-কনিষ্ঠ দ্বন্দ্বের জেরে মাধ্যমিক পরীক্ষার্থী তাজুন ইসলাম ওরফে মুশফিক তাজুনকে প্রাণ দিতে হয়েছে। রাজধানীর দনিয়া কলেজের সামনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় তাজুন (১৭) ছুরিকাঘাতে নিহত হয়।