
পুরান ঢাকার লালবাগ এলাকায় দুই কক্ষের ভাড়া বাসা। সেখানের একটি জীর্ণ কক্ষের এক পাশে খাট। এর পাশে টেবিলে রাখা কম্পিউটার ও প্রিন্টার। ছোট্ট এ কক্ষেই তৈরি হচ্ছিল দেশের বিভিন্ন কলেজ–বিশ্ববিদ্যালয়ের জাল সনদ ও নম্বরপত্র (সার্টিফিকেট ও মার্কশিট)।
এসব সনদ বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। চক্রটির দুজনকে আজ শুক্রবার ও আরও দুজনকে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে জিয়াউর রহমান ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে টেলিকমিউনিকেশনে পড়াশোনা করেন। পরে দুটি মোবাইল অপারেটর কোম্পানিতে চাকরি করেন। এখন বিভিন্ন নামে প্রতিষ্ঠান খুলে বিক্রি করেন জাল সনদ।
লালবাগের কাশ্মীরি গলি এলাকার ওই ভাড়া বাসায় অভিযান চালিয়ে আজ গ্রেপ্তার করা হয় বেসরকারি দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের পরিচালক বুলবুল আহমেদ ও ইয়াসিন আলী নামের একজন ডিপ্লোমা প্রকৌশলীকে। আর আগের দিন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার রামপুরায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় জিয়াউর রহমান নামের আরেক প্রকৌশলী ও তাঁর স্ত্রী নুরুন্নাহার মিতুকে।
ডিবি বলছে, জিয়াউর–নুরুন্নাহার দম্পতির কাছ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের অনেক সনদ, নম্বরপত্র ছাড়াও টাকা উদ্ধার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে লালবাগে অভিযান চালিয়ে আজ গ্রেপ্তার করা হয় দুজনকে।
অনেক দিন ধরে অর্থের বিনিময়ে দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর, বিভিন্ন শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার নম্বরপত্র এবং সনদ বানিয়ে সেগুলো বিক্রয় করে আসছিলেন এ চক্রের সদস্যরা। সনদগুলো বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় থেকে সরবরাহ করা মূল কাগজ দিয়েই তৈরি করা হতো। পরে সেগুলো বিশ্ববিদ্যালয় ও শিক্ষা বোর্ডের কিছু অসাধু কর্মকর্তার মাধ্যমে অনলাইনে অন্তর্ভুক্ত করা হতো; যাতে অনলাইন যাচাই–বাছাইয়ে সনদের সত্যতা নিরূপণ করা সম্ভব হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে জিয়াউর রহমান ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে টেলিকমিউনিকেশনে পড়াশোনা করেন। পরে দুটি মোবাইল অপারেটর কোম্পানিতে চাকরি করেন। এখন বিভিন্ন নামে প্রতিষ্ঠান খুলে বিক্রি করেন জাল সনদ।
ডিবির লালবাগ বিভাগের উপকমিশনার মশিউর রহমান প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় ও শিক্ষা বোর্ডের বেশকিছু দায়িত্বশীল ব্যক্তির নাম–পরিচয় পাওয়া গেছে, যাঁরা জাল সনদের অনলাইন ভেরিফিকেশন (যাচাই) ও বিক্রির সঙ্গে সরাসরি জড়িত। নুরুন্নাহার ছাড়া গ্রেপ্তার বাকি আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
মশিউর রহমান বলেন, গ্রেপ্তার চারজন একটি চক্রের সদস্য। চক্রটি ছয়–সাত বছর ধরে এই জাল সনদ তৈরি ও বিক্রিতে জড়িত। ইতিমধ্যে তাঁরা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হয়ে প্রায় চার কোটি টাকার সনদ বিক্রি করেছেন।