
চট্টগ্রামে এক শিশু নিখোঁজ হওয়ার পর তদন্তে গাফিলতির অভিযোগে এক পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়েছে। অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম দুলাল মিয়া। তিনি নগরের পাহাড়তলী থানায় কর্মরত ছিলেন। বর্তমানে চট্টগ্রাম নগর পুলিশের দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত আছেন।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান আজ শুক্রবার সকালে প্রথম আলোকে বলেন, এসআই দুলাল মিয়ার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের তদন্ত কমিটি সুপারিশ করেছে।
মা-বাবার একমাত্র সন্তান ১০ বছর বয়সী রহিমা (ছদ্মনাম)।
গত ২১ মার্চ নগরের পাহাড়তলী থানার কাজীর দীঘি এলাকার বাসা থেকে বিড়ালছানা আনতে বের হয় শিশুটি। এরপর অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ওই দিন রাতে পাহাড়তলী থানায় সাধারণ ডায়েরি করেন। পরে নিজের মেয়ের খোঁজ না পাওয়ায় এবং পুলিশ মামলা নিতে অনীহা প্রকাশ করায় ২৮ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ চট্টগ্রামে মামলা করেন। আদালত এটিকে এজাহার হিসেবে নিতে পাহাড়তলী থানা-পুলিশকে নির্দেশ দেন।
গত ২৯ মার্চ সকালে নগরের পাহাড়তলী থানার আলম তারা পুকুরপাড়া মুরগির ফার্ম এলাকায় একটি ডোবায় শিশুটির সন্ধান পায় পিবিআই। এ ঘটনায় গ্রেপ্তার সবজি বিক্রেতা মোহাম্মদ রুবেল আদালতে জবানবন্দিতে স্বীকার করেন, শিশুটিকে ধর্ষণের পর গলা টিপে হত্যা করেন। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে শিশুটিকে ডোবা থেকে উদ্ধার করে পিবিআই। কিন্তু পুলিশ তা পারেনি।
শিশুটির মা প্রথম আলোকে বলেন, ‘পুলিশ দেখতেছি-দেখতেছি বলে আমার জাদু আজকে আমার কাছ থেকে নাই হয়ে গেল।’
শিশুটির বাবা আবুল কাশেম প্রথম আলোকে বলেন, ‘শুরু থেকে পুলিশকে বলা হয়েছিল, রুবেল অপহরণ করেছে। কিন্তু পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদ করে চলে যায়। পুলিশ সঠিকভাবে তদন্ত করলে আজ মেয়ের লাশ পেতাম না। এত দিনে মেয়েকে জীবিত ফিরে পেতাম।’
অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের শাস্তি দাবি করেন শিশুটির বাবা।