সাতক্ষীরায় অভিযান চালিয়ে জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা তিন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। খুলনায় পৃথক অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদসহ ছোট জাহাঙ্গীর বাহিনীর দুই সদস্যকে আটক করা হয়েছে।
কোস্টগার্ড বলেছে, আটক ব্যক্তিরা হলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার সোহাগ হাওলাদার (৩৫) এবং খুলনার পাইকগাছা উপজেলার বাবুল সানা (৪২)। তাঁরা দীর্ঘদিন ধরে ছোট জাহাঙ্গীর বাহিনীর সদস্য হিসেবে ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে কোস্টগার্ড।
আজ শুক্রবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট জাহাঙ্গীর বাহিনী খুলনার দাকোপ থানার বাইনতলা খালসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে শুক্রবার সকাল ছয়টার দিকে কোস্টগার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান যৌথভাবে সেখানে বিশেষ অভিযান চালায়।
এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা বনের ভেতরে পালানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করে ছোট জাহাঙ্গীর বাহিনীর দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়। অভিযানে দুটি একনলা বন্দুক, ২৩টি কার্তুজ, ৫টি ফাঁকা কার্তুজ, ৫টি ইয়াবা বড়ি এবং ১ হাজার ১০০ টাকা জব্দ করা হয়। একই সঙ্গে ডাকাতদের আস্তানা ধ্বংস করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, গত ৩১ মার্চ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর সদস্যরা সাতক্ষীরার শ্যামনগর থানার হোগলডরা খালসংলগ্ন এলাকা থেকে একটি নৌকাসহ তিনজন জেলেকে জিম্মি করে মুক্তিপণ দাবি করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই এলাকায় ১ এপ্রিল সন্ধ্যা ছয়টার দিকে কোস্টগার্ড স্টেশন হলদেবুনিয়া এবং স্টেশন কৈখালীতে একটি বিশেষ অভিযান চালায়।
এ সময় ডাকাতদের কাছে জিম্মি থাকা একটি নৌকাসহ তিনজন জেলেকে উদ্ধার করা হয়। পাশাপাশি ডাকাতদের ব্যবহৃত একটি নৌকা, দুটি কার্তুজ, একটি ফাঁকা কার্তুজ, তিনটি ওয়াকিটকি চার্জার, তিনটি মুঠোফোনের ব্যাটারি ও একটি কুড়াল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলে ইনতাজ (৫০), মোশাররফ (৪২) ও আনিস (৪৫) সাতক্ষীরার শ্যামনগর থানার বাসিন্দা।
কোস্টগার্ড জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধার জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।