রাজধানীর মহাখালীতে চলন্ত ট্রেনের ছাদে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে। ওই শিক্ষার্থী জানিয়েছেন, ছিনতাইকারীরা তাঁর মুঠোফোন ও মানিব্যাগ নিয়ে গেছে।
সোমবার রাত সাড়ে সাতটার দিকে কমলাপুর থেকে জামালপুরগামী ব্রহ্মপুত্র ট্রেনের ছাদে এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীর নাম হাসানুজ্জামান সাজিদ (২২)। তিনি নাটোরের কাদিরাবাদের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির(বিএইউইটি) সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী।
সাজিদ ও তাঁর খালু শহীদুর রহমান জানান, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সাজিদ রোববার জামালপুর থেকে ঢাকার উত্তরায় এসে তাঁর এক বন্ধুর খালার বাসায় ছিলেন। সোমবার সন্ধ্যায় গ্রামের বাড়ি জামালপুরে যাওয়ার জন্য তিনি কমলাপুর থেকে ব্রহ্মপুত্র ট্রেনের ছাদে ওঠেন। মহাখালী এলাকায় পৌঁছালে সাত থেকে আটজন তাঁকে ঘিরে ফেলে। পরে তাঁকে দুই হাত, বুক, পিঠ ও বাঁ পায়ে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা মুঠোফোন ও মানিব্যাগ নিয়ে যায় তারা। সাজিদের দাবি, মানিব্যাগে সাড়ে আট হাজার টাকা ছিল।
আহত অবস্থায় সাজিদকে বিমানবন্দর রেলস্টেশন এলাকায় স্থানীয় লোকজন ও বিমানবন্দর ফাঁড়ির রেলওয়ে পুলিশের কনস্টেবল মো. রুবেল প্রামাণিক উদ্ধার করেন। প্রথমে তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, আহত শিক্ষার্থীর জরুরি বিভাগে চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে জানানো হয়েছে।