এক লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে হাতিরঝিল থানার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত
ফাইল ছবি: প্রথম আলো

এক লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজাদ মাহমুদ নামের এক ব্যক্তি গতকাল রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই মামলা করেছেন।

মামলার অপর দুই আসামি হলেন আয়শা রুবি ও জসিম উদ্দিন। আদালত মামলার অভিযোগ তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান।

বাদীর আইনজীবী কাউছার মাহামুদ প্রথম আলোর কাছে দাবি করেন, মামলার বাদী আজাদ মাহমুদের সঙ্গে আয়শার প্রেমের সম্পর্ক ছিল। পরে আয়শা আসামি জসিম উদ্দিনকে বিয়ে করেন। আয়শার কাছে বাদীর একান্ত মুহূর্তের কিছু ছবি ছিল। এ নিয়ে আয়শার সঙ্গে আজাদের সম্পর্কের অবনতি হয়। পরে আজাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেন আয়শা। পরে ১০ জুলাই কৌশলে আজাদকে মগবাজারের একটি হোটেলে দেখা করতে বলেন আয়শার স্বামী জসিম উদ্দিন। সেখানে আসার পর হাতিরঝিল থানার এসআই জাহিদ বাদী আজাদ মাহমুদকে থানায় ডেকে নিয়ে যান।

আইনজীবী কাউছার মাহামুদ বলেন, থানায় লকআপে আজাদকে ঢোকানোর পর মামলায় জড়ানোর হুমকি দেন। পরে তিন লাখ টাকা চাঁদা চান। এরপর আজাদের এটিএম কার্ড ব্যবহার করে তাঁর ভাই জহির উদ্দিন এসআই জাহিদের হাতে ৮০ হাজার টাকা দেন, যা থানার সিসিটিভি ফুটেজে সংরক্ষিত রয়েছে। এ ছাড়া আরও ২০ হাজার টাকা নেন এসআই জাহিদ।

মামলার অভিযোগের বিষয়ে জানতে চেয়ে এসআই জাহিদের মুঠোফোনে কল করা হলে তিনি ধরেননি। তবে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. আওলাদ হোসেন প্রথম আলোকে বলেন, এসআই জাহিদের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা হয়েছে বলে শুনেছেন। তবে মামলার কাগজপত্র এখনো তিনি দেখেননি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনে এসআই জাহিদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।