
নারায়ণগঞ্জ থেকে পিকআপ নিয়ে রাজধানীর মোহাম্মদপুরে আসতেন তাঁরা। মোহাম্মদপুরে ছিনতাই করে তাঁরা আবার নারায়ণগঞ্জে ফিরে যেতেন। শনাক্ত হওয়াসহ গ্রেপ্তার এড়াতে তাঁরা এমন কৌশল নিতেন। সম্প্রতি মোহাম্মদপুরে দুই বোনের ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনা তদন্ত করতে গিয়ে এই চক্রের খোঁজ পাওয়ার তথ্য জানিয়েছে পুলিশ।
আজ বুধবার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, ঠাকুরগাঁও থেকে ঈদের ছুটি কাটিয়ে গত ৩১ মে ভোরে ঢাকায় ফেরেন দুই বোন। তাঁরা মোহাম্মদপুরের নূরজাহান রোডে তাঁদের বাসার সামনে ছিনতাইয়ের শিকার হন। চাপাতির ভয় দেখিয়ে তাঁদের কাছ থেকে একটি ট্রলি, একটি হ্যান্ডব্যাগ ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেন ছিনতাইকারীরা। ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ এই ছিনতাইয়ে জড়িত অভিযোগে আনোয়ার হোসেন ও জুয়েল ওরফে আরিফ নামে দুজনকে গ্রেপ্তার করে।
সংবাদ সম্মেলনে ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল করিম বলেন, ছিনতাইকারী এই চক্রের সদস্যরা আগে মোহাম্মদপুরে থাকতেন। এলাকার রাস্তাঘাটসহ সব বিষয়ে তাঁদের ভালো ধারণা আছে। তবে প্রায় ছয় মাস ধরে তাঁরা নারায়ণগঞ্জে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। সেখান থেকে পিকআপ নিয়ে তাঁরা মোহাম্মদপুরে এসে ছিনতাই করে আবার ফিরে যেতেন। ৩১ মে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার আনোয়ার ও জুয়েল এ বিষয়ে নানা তথ্য দিয়েছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ে ব্যবহৃত পিকআপ ও চাপাতি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত বলে নিশ্চিত হয়েছে পুলিশ। তাঁদের শনাক্ত করা হয়েছে। শিগগিরই তাঁদের গ্রেপ্তার করা হবে।
তবে ছিনতাই হওয়া একটি ট্রলি ও একটি মুঠোফোন এখনো উদ্ধার করা যায়নি বলে জানায় পুলিশ। তারা বলছে, অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত সেগুলো উদ্ধার করা সম্ভব হবে। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এডিসি ফজলুল করিম বলেন, ছিনতাইয়ে ব্যবহৃত পিকআপের চালক ও মালিক এই চক্রের সঙ্গে জড়িত। তাঁদের নজরদারিতে রাখা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার জুয়েলের বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি মামলা আছে। এর মধ্যে দুটি মাদক, একটি ডাকাতি এবং নারী ও শিশু নির্যাতনসংক্রান্ত মামলা দুটি।
পুলিশের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এ চক্রের সদস্যরা নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদপুরে এসে একই কৌশলে অন্তত ১০টি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছেন। তাঁরা রাত দুইটার পর নারায়ণগঞ্জ থেকে পিকআপ নিয়ে বের হতেন। আর মোহাম্মদপুরে এসে ছিনতাইয়ের পর নারায়ণগঞ্জে ফিরে যেতেন।