
এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানো ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীর গুলশান থেকে হিমেল মুস্তাকিম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
একই অভিযোগে বগুড়া থেকে রবিন বাবু নামের আরেক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
সিআইডি এক বার্তায় বলেছে, সোমবার ঢাকার গুলশান এলাকা থেকে হিমেলকে গ্রেপ্তার করে সিআইডির সাইবার পুলিশ। অভিযানে তাঁর ব্যবহৃত মুঠোফোন জব্দ করা হয়েছে।
হিমেলকে একজন প্রতারক হিসেবে উল্লেখ করে সিআইডি জানায়, তিনি ফেসবুকে এসএসসি ব্যাচ-২০২৩ নামের একটি গ্রুপে পোস্ট দেন যে তাঁর কাছে চলতি এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে। পোস্টে তিনি উল্লেখ করেন, এসএসসি ২০২৩-এর বাংলা প্রথম পত্রের ১০০% কমন প্রশ্ন লাগলে দ্রুত যোগাযোগ করুন। প্রশ্ন পাওয়ার সময় পরীক্ষার দিন ভোর চারটা থেকে ছয়টা।
সিটিটিসি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিয়মিত নজরদারিতে দেখা যায়, একটি অসাধু চক্র ফেসবুক পেজ ‘Ssc question out 2023 All Board’ খুলে এসএসসির প্রশ্নপত্র ফাঁস করার প্রচার চালাচ্ছে। প্রতারণা করে টাকা হাতিয়ে নিতে বিভিন্ন প্যাকেজ নিয়ে ফেসবুকের পাশাপাশি মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে তারা প্রচার চালাচ্ছে।
সিআইডি বলছে, হিমেল তাঁর ‘প্রশ্ন/Question All board’ নামের ফেসবুক পেজে বেশ কিছু এসএসসি পরীক্ষার্থীকে অ্যাড করেছেন। এরপর প্রশ্ন সরবরাহ করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে জনপ্রতি ১ হাজার ৫৫০ টাকা নেন। পুরো বিষয়টি সিআইডির সাইবার মনিটরিং টিমের নজরে এলে হিমেলকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
আগের দিন রোববার বগুড়ার ধুনটের মহিশুরা এলাকায় অভিযান চালিয়ে একটি প্রতারক চক্রের প্রধান রবিন বাবুকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ।
সিটিটিসি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিয়মিত নজরদারিতে দেখা যায়, একটি অসাধু চক্র ফেসবুক পেজ ‘Ssc question out 2023 All Board’ খুলে এসএসসির প্রশ্নপত্র ফাঁস করার প্রচার চালাচ্ছে। প্রতারণা করে টাকা হাতিয়ে নিতে বিভিন্ন প্যাকেজ নিয়ে ফেসবুকের পাশাপাশি মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে তারা প্রচার চালাচ্ছে।
পরে সিটিটিসির সাইবার টেররিজম ইনভেস্টিগেশন টিম তথ্য ও প্রযুক্তির সহায়তায় ওই চক্রের প্রধানকে গ্রেপ্তার করে। এ ঘটনায় রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে রবিনের বিরুদ্ধে মামলা হয়েছে।