রাজধানীর মতিঝিলে ডিবি পুলিশ পরিচয়ে ৩০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা–পুলিশ। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত হাইয়েস মাইক্রোবাস ও ৮৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শামিম রহমান (২৯), মো. মিজান রহমান (৫১) ও রবিউল ইসলাম জুয়েল (৪২)।
আজ সোমবার ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত শুক্রবার থেকে গতকাল রোববার (২৭–২৯ জুন) পর্যন্ত ঢাকা ও ঝালকাঠিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। শামিমের কাছ থেকে হাইয়েস মাইক্রোবাস, মিজানের কাছ থেকে ৮০ হাজার টাকা ও জুয়েলের কাছ থেকে ৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২৬ জুন দুপুরে ওয়ারীর নবাবপুর এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মো. খলিল মিয়া (২৬) ও ইব্রাহীম হোসেন রিফাত (২৪) নামের দুই কর্মচারী ৩০ লাখ টাকা নিয়ে মতিঝিলের সিটি ব্যাংক শাখায় জমা দিতে যাচ্ছিলেন। বেলা পৌনে একটার দিকে মতিঝিলের ঘরোয়া হোটেলের সামনে পৌঁছালে ছয় থেকে সাত ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাঁদের একটি হাইয়েস মাইক্রোবাসে তুলে নেন। পরে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে ও মারধর করে তাঁদের কাছে থাকা টাকা ছিনিয়ে নেন। এরপর দুজনের হাত–পা বেঁধে তাঁদের সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকায় ফেলে যান। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক সাইদুল ইসলাম মামলা করেন। এ মামলার ভিত্তিতে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার মিজানের বিরুদ্ধে ঝালকাঠির রাজাপুর ও নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় ডাকাতির আরও দুটি মামলা রয়েছে।