
রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরায় গতকাল বুধবার পৃথক তিনটি অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ফাহিম হোসেন (২৯), মো. হাসিবুল হাসান ওরফে শান্ত (২৬) ও মো. মামুন মিয়া (২১)।
আজ বৃহস্পতিবার র্যাব-১০-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে ডেমরার সারুলিয়ার সুকুশী পাথরঘাট এলাকার একটি চারতলা ভবনে অভিযান চালায় র্যাব। এ সময় ফাহিম হোসেন নামের এক ব্যক্তি লাল রঙের শপিং ব্যাগ হাতে সুকৌশলে পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। পরে ওই ব্যাগে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৮৬৫টি ইয়াবা বড়ি এবং ১১ পুরিয়া ও ২৭৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ টাকার বেশি।
অভিযান শেষে ফেরার পথে গতকাল বিকেল পৌনে ছয়টার দিকে ডেমরার জোকা সান্দিরা বালুরঘাট এলাকায় র্যাবের উপস্থিতি টের পেয়ে হাসিবুল হাসান দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় র্যাব সদস্যরা তাঁকে আটক করে তল্লাশি চালান। তাঁর কোমরে গোঁজা অবস্থায় একটি দেশীয় একনলা বন্দুক এবং প্যান্টের পকেট থেকে গুলির খোসা উদ্ধার করা হয়।
এর আগে গতকাল দিবাগত রাত একটার দিকে যাত্রাবাড়ীর দোলাইপাড় এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কের (হাইওয়ে) পাশ থেকে ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য মামুন মিয়াকে গ্রেপ্তার করে র্যাব-১০-এর আরেকটি দল। এ সময় তাঁর কাছ থেকে ছিনতাইয়ের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।