সম্প্রতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়
সম্প্রতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়

ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ডিসেম্বর মাস ঘিরে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছেন বলে তথ্য পেয়েছে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো। গ্রেপ্তার কয়েকজনকে জিজ্ঞাসাবাদ এবং মুঠোফোনের কথোপকথন ও বার্তা বিশ্লেষণ করে তারা এ তথ্য পেয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, সড়ক ও নৌপথে নাশকতা চালিয়ে গোপালগঞ্জসহ আশপাশের চার জেলাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা রয়েছে দলটির নেতা-কর্মীদের। পাশাপাশি ঢাকায় জমায়েত করার পরিকল্পনাও তাঁদের আছে। তবে পুলিশ সতর্ক রয়েছে।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ডিসেম্বরে তাঁর দেশে ফেরার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কর্মসূচি দিচ্ছেন দলটির নেতা-কর্মীরা। পুলিশ বলছে, এসব কর্মসূচি ঘিরে ঢাকাসহ বিভিন্ন জেলায় গাড়িতে আগুন দেওয়া এবং পুলিশের স্থাপনা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

পুলিশের একটি সূত্র বলছে, মজুরি বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকদের সাম্প্রতিক আন্দোলন ঘিরে সহিংসতা এবং দেশের বিভিন্ন এলাকায় নাশকতার ঘটনায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়িত ছিলেন। এসব ঘটনায় গত রোববার সকাল থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত শুধু ঢাকায় ২৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সম্ভাব্য নাশকতা ঠেকাতে ঢাকা, গোপালগঞ্জ এবং আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জেলাগুলো নিয়ে বিশেষ পরিকল্পনা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুরো ডিসেম্বর এসব এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন থাকবে। সারা দেশে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। ইতিমধ্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ৬৪ জেলার পুলিশ সুপার, আট মহানগরের পুলিশ কমিশনার ও আট রেঞ্জের ডিআইজিকে এ বিষয়ে বিশেষ বার্তা দিয়েছেন। এতে বলা হয়েছে, যারা সরাসরি নাশকতায় জড়িত, তাদের আইনের আওতায় আনতে হবে।

গত ৯ অক্টোবর দিবাগত রাতে চট্টগ্রাম নগরের নিউ মনসুরাবাদ এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি) মো. আহসান হাবীব পলাশ প্রথম আলোকে বলেন, ‘তারা কী করতে চায়, সেই গোয়েন্দা তথ্য পুলিশের কাছে আছে। চাইলেই তো আর করতে পারবে না।’ তিনি আরও বলেন, যেকোনো ধরনের নাশকতা মোকাবিলায় পুলিশ পুরোপুরি প্রস্তুত।

ডিএমপির গোয়েন্দা বিভাগ সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন বিশ্লেষণ করে পুলিশ জানতে পেরেছে সাম্প্রতিক নাশকতার ঘটনাগুলোতে টাকা দিয়েছেন বিদেশে পলাতক আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যরা। আর দেশে আত্মগোপনে থাকা নেতা-কর্মীরা সমন্বয় করে নাশকতা চালাচ্ছেন।

বেশ কয়েকটি নাশকতার ঘটনার তথ্য বিশ্লেষণ করেছেন পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁরা বলছেন, কিছু ঘটনা ঘটানো হয়েছে টাকা দিয়ে লোক ভাড়া করে। আবার কিছু ঘটনায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা সরাসরি অংশ নিয়েছেন। তাঁদের মতে, নাশকতা চালিয়ে আলোচনায় থাকতে চায় দলটি।

নজর গোপালগঞ্জে

গোপালগঞ্জে ১০ নভেম্বর দিনভর সহিংসতা ও ভাঙচুর হয়। পুলিশ বলছে, সেদিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা পুলিশের গাড়িতে আগুন দেন। এরপর গত রোববারও সেখানে সহিংসতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, নাশকতা ঠেকাতে গোপালগঞ্জে দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে আরও পুলিশ পাঠানো হবে। পুলিশের পাশাপাশি সেখানে ১০ প্লাটুন বিজিবি এবং বিপুলসংখ্যক এসআরবি সদস্য মোতায়েন আছেন।

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীদের লাঠি হাতে বিক্ষোভ। গত রোববার দুপুরে শহরের লঞ্চঘাটে

গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর জেলা পুলিশের ঢাকা রেঞ্জের অধীন। এসব জেলায় পুলিশের প্রস্তুতির কথা জানতে চাইলে ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, সব ধরনের ঝুঁকি বিশ্লেষণ করে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পদ্মা সেতু, চার জেলার মহাসড়ক এবং পৌর এলাকার বিভিন্ন সড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সব ধরনের প্রস্তুতি নিয়েছে। অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গেও সমন্বয় করা হচ্ছে।

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার পর জেলা প্রশাসক (ডিসি) আরিফ-উজ-জামান, পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহ এবং জেলার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, গত কয়েক দিনে দেশের বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা গোপালগঞ্জে গেছেন বলে গোয়েন্দা তথ্য আছে। বিদেশ থেকে তাঁদের উসকানি দেওয়া হচ্ছে। সরকারি স্থাপনায় হামলার আশঙ্কাও আছে। সূত্রটি বলছে, বলপ্রয়োগ করতে গেলে প্রাণহানির আশঙ্কা থাকে, আর প্রাণহানি হলে আওয়ামী লীগ ভুক্তভোগী সাজার সুযোগ পাবে। সরকার সে সুযোগ দিতে চায় না। তবে কেউ অরাজকতা তৈরির চেষ্টা করলে কঠোর হতে সরকার পিছপা হবে না।

ঢাকায় জমায়েতের পরিকল্পনা

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ডিসেম্বরে ঢাকায় জমায়েত করতে চান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বিশেষ করে ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ থেকে নেতা-কর্মীরা একটি পরিস্থিতি তৈরি করে হঠাৎ করে রাজধানীর কোনো একটি অংশে ঢুকতে পারে। সূত্রগুলোর ভাষ্য, জমায়েত ঠেকাতে সরকার বলপ্রয়োগ করলে প্রাণহানি ঘটতে পারে। তখন সেই লাশ নিয়ে মিছিল করার পরিকল্পনাও করছেন দলটির নেতা-কর্মীরা।

ঢাকায় যাতে জমায়েত না হতে পারে, সে জন্য রাজধানীর প্রবেশমুখগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকার আশপাশের জেলাগুলোর পুলিশ সুপারদেরও বাড়তি সতর্কতা নিতে বলা হয়েছে।

নাশকতা মোকাবিলায় পুলিশের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। তিনি প্রথম আলোকে বলেন, ঢাকায় বড় জমায়েত করার পরিকল্পনা না থাকলেও সেটা সম্ভব নয়। এটা গোপালগঞ্জ নয়।