মাদকের বিস্তার ১

শহর-গ্রাম ছেয়ে গেছে মাদকে, নেশার টাকার দ্বন্দ্বে খুন-সংঘর্ষ

পোশাক কারখানা থেকে বেতন নিয়ে ঘরে ফিরেছিলেন নাসিমা আক্তার। গভীর রাতে স্বামী ছায়েদুল ইসলাম তাঁর কাছে মাদক কেনার জন্য তিন হাজার টাকা চান। নাসিমা রাজি হননি। এরপর দুই শিশুসন্তানের সামনেই ছুরিকাঘাতে প্রাণ হারান ২৭ বছর বয়সী এই নারী।

ঘটনাটি ঘটে গত ১৩ জুলাই ভোররাতে গাজীপুরের শ্রীপুরে। পরে ছায়েদুলকে গ্রেপ্তার করে তৎকালীন র‍্যাব। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি জানানোয় নাসিমাকে হত্যা করেন তাঁর স্বামী।

শুধু গাজীপুরে নয়, দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক খুন, ছিনতাই, পারিবারিক সহিংসতা, এলাকাভিত্তিক গ্যাং সংঘর্ষ ও সশস্ত্র হামলার নেপথ্যে মাদক কেনার অর্থ, অবৈধ মাদক ব্যবসার নিয়ন্ত্রণ কিংবা মাদকসংশ্লিষ্ট বিরোধের তথ্য পাওয়া যাচ্ছে। কোথাও স্বজনের কাছে টাকা না পেয়ে হামলার অভিযোগ, কোথাও মাদক বিক্রির এলাকা দখলে সংঘর্ষ। আবার মাদক ব্যবসার পাওনা আদায়ের বিরোধে গুলি চালানোর ঘটনাও ঘটছে।

দেশে মাদকের এই বিস্তার কতটা ভয়াবহ, তার একটি চিত্র পাওয়া যায় গত জানুয়ারিতে প্রকাশিত একটি গবেষণায়। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) গবেষণা বলছে, দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করেন। তাঁদের প্রায় ৯০ শতাংশ জানিয়েছেন, মাদক পাওয়া সহজ। গবেষণায় দেওয়া হিসাব অনুযায়ী, দেশে মাদকের পেছনে বছরে আনুমানিক ব্যয় হয় ৫৯ হাজার কোটি টাকা।

অথচ মাদক নিয়ন্ত্রণে দেশে প্রতিবছর হাজার হাজার অভিযান হচ্ছে। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে উদ্ধার হয়েছে ২০ কোটির বেশি ইয়াবা বড়ি। এসব ঘটনায় মামলা হয়েছে ৪ লাখ ৩৫ হাজারের বেশি। এসব মামলায় আসামি করা হয়েছে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষকে। কিন্তু বিপুলসংখ্যক মামলা ও উদ্ধারের পরও মাদকের সরবরাহব্যবস্থা কতটা নিয়ন্ত্রণে এসেছে, সে প্রশ্ন রয়ে গেছে।

সরকারি পরিসংখ্যান, জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা, অপরাধের ঘটনাভিত্তিক তথ্য এবং আদালতের মামলার রায় পর্যালোচনায় দেখা যাচ্ছে, মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে তিনটি বড় চ্যালেঞ্জ সামনে রয়েছে। এগুলো হলো মাদকের ব্যাপক বিস্তার ও সহজলভ্যতা, মাদককে কেন্দ্র করে অপরাধ ও সহিংসতা এবং তদন্ত, বিচার ও চিকিৎসাব্যবস্থার ঘাটতি।

মাদক নিয়ন্ত্রণে দেশে প্রতিবছর হাজার হাজার অভিযান হচ্ছে। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে উদ্ধার হয়েছে ২০ কোটির বেশি ইয়াবা বড়ি। এসব ঘটনায় মামলা হয়েছে ৪ লাখ ৩৫ হাজারের বেশি। এসব মামলায় আসামি করা হয়েছে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষকে। কিন্তু বিপুলসংখ্যক মামলা ও উদ্ধারের পরও মাদকের সরবরাহব্যবস্থা কতটা নিয়ন্ত্রণে এসেছে, সে প্রশ্ন রয়ে গেছে।

শহর ছাড়িয়ে গ্রামেও মাদক

একসময় মাদক নিয়ে আলোচনায় বেশি আসত সীমান্তবর্তী এলাকা এবং বড় শহরের নাম। কিন্তু সর্বশেষ জাতীয় গবেষণা বলছে, দেশের আট বিভাগেই বিপুলসংখ্যক মানুষ মাদক ব্যবহার করছেন। ব্যবহারকারীর সংখ্যার বিচারে ঢাকা এগিয়ে থাকলেও জনসংখ্যার অনুপাতে মাদক ব্যবহারের হার সবচেয়ে বেশি ময়মনসিংহ ও রংপুরে।

২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত গবেষণাটি পরিচালনা করে বিএমইউ ও রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালট্যান্টস লিমিটেড। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) তত্ত্বাবধানে আট বিভাগের ১৩ জেলা ও ২৬ উপজেলার ৫ হাজার ২৮০ জনের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। পরে বিশেষ পরিসংখ্যানগত পদ্ধতিতে জাতীয় পর্যায়ে মাদক ব্যবহারকারীর সংখ্যা অনুমান করেন গবেষকেরা।

গত ২৫ জানুয়ারি প্রকাশিত ফলাফলে দেখা যায়, দেশে আনুমানিক ৮১ লাখ ৯৪ হাজার মানুষ মাদক ব্যবহার করেন। এটি মোট জনসংখ্যার ৪ দশমিক ৮৮ শতাংশ।

সংখ্যার বিচারে সবচেয়ে বেশি ব্যবহারকারী ঢাকা বিভাগে, প্রায় ২২ লাখ ৯০ হাজার। চট্টগ্রামে প্রায় ১৮ লাখ ৮০ হাজার এবং রংপুর বিভাগে প্রায় ১০ লাখ ৮০ হাজার। আর জনসংখ্যার অনুপাতে মাদক ব্যবহারের হার ময়মনসিংহে ৬ দশমিক ০২ শতাংশ, রংপুরে ৬ এবং চট্টগ্রামে ৫ দশমিক ৫০ শতাংশ। রাজশাহীতে এই হার ২ দশমিক ৭২ শতাংশ। অর্থাৎ, শুধু বেশি জনসংখ্যার শহরগুলোতেই মাদক ব্যবহারের সমস্যা সীমাবদ্ধ নেই। অপেক্ষাকৃত কম নগরায়িত অঞ্চলেও এর উল্লেখযোগ্য পরিমাণে বিস্তার হয়েছে।

এ বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের ১০টি জেলার ২৫ উপজেলায় ঘুরে মাদকের বিস্তারের উদ্বেগজনক চিত্র চোখে পড়েছে। শহর ছাড়িয়ে প্রত্যন্ত গ্রামেও মাদক কেনাবেচার তথ্য পাওয়া গেছে। কোনো কোনো এলাকায় স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীদের মাদক ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ করেছেন বাসিন্দারা। এ ব্যবসায় পুলিশের কিছু সদস্যের সহযোগিতার অভিযোগও রয়েছে। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক কর্মকর্তা বলেছেন, খুন–হামলা, সংঘর্ষসহ বিভিন্ন অপরাধের কারণ অনুসন্ধানে বারবার মাদক কেনার অর্থ ও অবৈধ ব্যবসার বিরোধ সামনে আসছে।

সংখ্যার বিচারে সবচেয়ে বেশি ব্যবহারকারী ঢাকা বিভাগে, প্রায় ২২ লাখ ৯০ হাজার। চট্টগ্রামে প্রায় ১৮ লাখ ৮০ হাজার এবং রংপুর বিভাগে প্রায় ১০ লাখ ৮০ হাজার। আর জনসংখ্যার অনুপাতে মাদক ব্যবহারের হার ময়মনসিংহে ৬ দশমিক ০২ শতাংশ, রংপুরে ৬ এবং চট্টগ্রামে ৫ দশমিক ৫০ শতাংশ। রাজশাহীতে এই হার ২ দশমিক ৭২ শতাংশ। অর্থাৎ, শুধু বেশি জনসংখ্যার শহরগুলোতেই মাদক ব্যবহারের সমস্যা সীমাবদ্ধ নেই।

সীমান্ত থেকে মাদকের বাজার সারা দেশে 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, দেশে মাদকের বিস্তারের সঙ্গে জড়িয়ে আছে আন্তসীমান্ত পাচার ও অভ্যন্তরীণ সরবরাহব্যবস্থা।

মিয়ানমার সীমান্ত দিয়ে প্রধানত ইয়াবা ও আইস প্রবেশের তথ্য রয়েছে। বিশেষ করে কক্সবাজারের টেকনাফ, উখিয়া ও আশপাশের সীমান্ত এবং উপকূলীয় এলাকা মাদক পাচারের গুরুত্বপূর্ণ পথ। অন্যদিকে ভারত সীমান্তসংলগ্ন বিভিন্ন জেলা দিয়ে ফেনসিডিলসহ অন্যান্য মাদক প্রবেশ করে। সীমান্ত দিয়ে আসা মাদকের বড় অংশ সড়ক, নদী ও অন্যান্য যোগাযোগ পথে বিভিন্ন শহরে পৌঁছায়। মাদক মামলা ও উদ্ধারের হিসাবে রাজধানী ঢাকা দেশের অন্যতম বড় মাদক বাজার হিসেবে চিহ্নিত হয়েছে। যেমন: গত ১৭ আগস্ট কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়া একটি বিলাসবহুল গাড়ি কুমিল্লায় আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। গাড়িটি থেকে তিন লাখ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। গাড়িটি চট্টগ্রাম হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে রাজধানীতে আসছিল।

কক্সবাজার সীমান্তে গত ছয় মাসে বড় ছয়টি ঘটনায় প্রায় ২৭ লাখ ইয়াবা উদ্ধার হয়। এর মধ্যে পাঁচটি চালানের গন্তব্য ছিল ঢাকা। তদন্ত–সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, ঢাকা থেকে এসব মাদক দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল।

আইন মন্ত্রণালয়ের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, সারা দেশে মাদক অপরাধের ১ লাখ ৬৬ হাজার ৩৩৩টি মামলা বিচারাধীন। এর মধ্যে শুধু ঢাকা মহানগরে প্রায় ২২ হাজার এবং চট্টগ্রাম মহানগরে ১৫ হাজারের বেশি মামলা। মাদক প্রবেশের সীমান্তবর্তী জেলা, সরবরাহের গুরুত্বপূর্ণ পথ এবং বড় শহরগুলোতে গুরুতর মাদক মামলার সংখ্যা তুলনামূলক বেশি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ প্রথম আলোকে বলেন, দেশে মাদকের চাহিদা বাড়ছে। বিভিন্ন সীমান্ত দিয়ে মাদক প্রবেশ করে সারা দেশে ছড়িয়ে পড়ছে। এর পেছনে সামাজিক অবক্ষয় ও পারিবারিক সচেতনতার অভাব বড় কারণ। অভিভাবকেরা অনেক ক্ষেত্রে সন্তান কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে, কীভাবে সময় কাটাচ্ছে, সেদিকে নজর রাখছেন না। ফলে অনেকে অল্প বয়সেই মাদকে জড়িয়ে পড়ছে। তিনি বলেন, চাহিদা কমাতে পারলে সরবরাহ এমনিতেই কমে যাবে। শুধু অভিযান চালিয়ে মাদকের বিস্তার ঠেকানো সম্ভব নয়।

অনুসন্ধানে দেখা গেছে, দেশে মাদকের বিস্তারের সঙ্গে অন্যান্য অপরাধের সম্পর্ক সবচেয়ে স্পষ্টভাবে উঠে আসছে দুটি ক্ষেত্রে। একটি মাদক কেনার অর্থের প্রয়োজন, অন্যটি মাদক ব্যবসা থেকে আয়ের নিয়ন্ত্রণ।

অপরাধের নেপথ্যে মাদক

মাদক নিয়ন্ত্রণে কাজ করা বিভিন্ন বাহিনী ও সংস্থার তথ্যমতে, দেশের ৮০ শতাংশ অপরাধের নেপথ্যে রয়েছে নেশাজাতীয় দ্রব্য। ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত খুন, কুপিয়ে জখম, গুলিবর্ষণ, হামলা ও সংঘর্ষের মতো ৩০টি বাছাই করা অপরাধের তথ্য বিশ্লেষণ করে প্রথম আলোও এমন তথ্য পেয়েছে। এতে দেখা গেছে, ২১টি ঘটনার নেপথ্যে কোনো না কোনোভাবে মাদকের সংশ্লিষ্টতা রয়েছে।

বিশ্লেষণ অনুযায়ী, ২১টি ঘটনার মধ্যে ১৭টিই হত্যাকাণ্ড। এসব ঘটনায় ২৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া যশোরে সংঘর্ষে ১৫ জন এবং ফেনীতে মা হত্যার সময় বাবা ও বোনসহ আরও দুজন আহত হয়েছেন। হত্যাকাণ্ডগুলোর মধ্যে আটটিতে ধারালো অস্ত্র, চারটিতে আগ্নেয়াস্ত্রের ব্যবহার এবং দুটিতে মারধরের ঘটনা ঘটেছে। কোনো কোনো ঘটনায় একাধিক পদ্ধতির ব্যবহার হয়েছে। আরও একটি ঘটনায় গুলির অভিযোগ, একটিতে শিশুকে ছুরির মুখে রেখে টাকা দাবি এবং একটিতে ডাকাতির অভিযোগের সঙ্গে ইয়াবা লেনদেনের বিরোধের তথ্য পাওয়া গেছে।

অনুসন্ধানে দেখা গেছে, দেশে মাদকের বিস্তারের সঙ্গে অন্যান্য অপরাধের সম্পর্ক সবচেয়ে স্পষ্টভাবে উঠে আসছে দুটি ক্ষেত্রে। একটি মাদক কেনার অর্থের প্রয়োজন, অন্যটি মাদক ব্যবসা থেকে আয়ের নিয়ন্ত্রণ। যেমন: গাজীপুরে নাসিমাকে হত্যার ঘটনায় মাদক কেনার অর্থসংক্রান্ত অভিযোগ পাওয়া যায়। একই ধরনের বিরোধে গত ১০ এপ্রিল খুলনার রূপসায় মা মিম্মি বেগমকে হত্যার অভিযোগ ওঠে তাঁর ছেলের বিরুদ্ধে। পুলিশ ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, মাদক কেনার টাকা না দেওয়ায় মায়ের ওপর হামলা করেন ছেলে।

অপরাধবিজ্ঞানীরা বলছেন, বাংলাদেশের সাম্প্রতিক আলোচিত অপরাধের ঘটনাগুলোতেও এই তিন ধরনের যোগসূত্র পাওয়া যাচ্ছে।

মাদক কেনার অর্থের প্রয়োজন থেকে সংঘটিত অপরাধ শুধু পরিবারের মধ্যে সীমাবদ্ধ নয়। চুরি, ছিনতাই কিংবা অর্থ আদায়ের জন্য ভয়ভীতি প্রদর্শনের ঘটনাতেও এ ধরনের যোগসূত্র রয়েছে। কোনো কোনো ঘটনায় মাদক কেনাবেচার সামান্য লেনদেনও প্রাণঘাতী সহিংসতায় রূপ নিয়েছে।

গত বছরের ৬ আগস্ট রাজধানীর বংশালে বাকিতে দুটি ইয়াবা না পেয়ে মো. হীরা নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে। মামলার নথির তথ্য অনুযায়ী, জীবন মিয়া নামের এক ব্যক্তি হীরার কাছে বাকিতে ইয়াবা চেয়েছিলেন। হীরা রাজি না হওয়ায় তাঁদের মধ্যে বিরোধ হয়। একপর্যায়ে ছুরিকাঘাতে হত্যা করা হয় হীরাকে।

অপরাধবিজ্ঞানে মাদক ও সহিংসতার সম্পর্কের একটি প্রতিষ্ঠিত ব্যাখ্যা রয়েছে। মার্কিন গবেষক পল জে গোল্ডস্টেইন ১৯৮৫ সালে প্রকাশিত ‘মাদক ও সহিংসতার সম্পর্ক: তিন ধরনের যোগসূত্রের ধারণাগত কাঠামো’ শীর্ষক গবেষণায় এ সম্পর্ককে তিন ভাগে ব্যাখ্যা করেছেন। প্রথমত, নির্দিষ্ট কিছু মাদকের সরাসরি মানসিক বা শারীরিক প্রভাবে মানুষের মধ্যে সহিংস আচরণের ঝুঁকি তৈরি হতে পারে। দ্বিতীয়ত, মাদক কেনার টাকা জোগাড় করতে গিয়ে কেউ অপরাধে জড়িয়ে পড়তে পারেন। তৃতীয়ত, অবৈধ মাদকের ব্যবসা, সরবরাহব্যবস্থা ও অর্থের নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত ও সহিংসতা ঘটতে পারে।

অপরাধবিজ্ঞানীরা বলছেন, বাংলাদেশের সাম্প্রতিক আলোচিত অপরাধের ঘটনাগুলোতেও এই তিন ধরনের যোগসূত্র পাওয়া যাচ্ছে।

অবৈধ ব্যবসার নিয়ন্ত্রণেও রক্তপাত

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

অনুসন্ধানে দেখা গেছে, মাদক ব্যবসার অর্থ ও আধিপত্যকে কেন্দ্র করে সহিংসতার ধরন আলাদা। এখানে অপরাধের উদ্দেশ্য অনেক ক্ষেত্রে মাদক কেনার টাকা সংগ্রহ নয়, বরং মাদক বিক্রির বাজার বা আয় নিয়ন্ত্রণ করা।

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গত বছরের ১১ আগস্ট মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুটি পক্ষের সংঘর্ষে নিহত হয় কিশোর শাহ আলম। পুলিশের ভাষ্য অনুযায়ী, ক্যাম্পে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে কয়েকটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল।

এ ধরনের সহিংসতার পেছনে অর্থনৈতিক স্বার্থ কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, তার আরেকটি উদাহরণ পাওয়া যায় গত ৭ আগস্ট রাজধানীর পল্লবীতে। সেখানে মাদক ব্যবসার ১৫ লাখ টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে গুলি চালানোর অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের কাছ থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়।

মাদক ব্যবসার অর্থ, চাঁদাবাজি এবং স্থানীয় আধিপত্যের বিরোধে সশস্ত্র হামলার অভিযোগ পাওয়া গেছে খুলনা, চট্টগ্রাম, কুমিল্লা ও ময়মনসিংহসহ অন্যান্য এলাকাতেও।

মাদকের বাজার কত বড়

দেশে মাদকের বিস্তারের আরেকটি গুরুত্বপূর্ণ দিক এর অর্থনৈতিক আকার। বিএমইউর গবেষণায় একজন মাদক ব্যবহারকারীর মাসে গড়ে প্রায় ছয় হাজার টাকা ব্যয়ের তথ্য পাওয়া গেছে। এই অর্থের একটি অংশ মাদক সরবরাহ, পরিবহন ও বিক্রির বিভিন্ন স্তরে যাচ্ছে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশে ৪ লাখ ৩৫ হাজার ৩৪৭টি মাদক মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ৫ লাখ ৪৭ হাজার ৪৩৯ জনকে।

একই সময়ে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা উদ্ধার করেছে ২০ কোটি ৮৩ লাখের বেশি ইয়াবা, ৫ লাখ ২৪ হাজার কেজির বেশি গাঁজা, ২ হাজার ১৪৯ কেজির বেশি হেরোইন, ১৬৩ কেজির বেশি কোকেন এবং ২৬ লাখের বেশি বোতল ফেনসিডিল।

উদ্ধারের এই হিসাব দিয়েই মাদকের বাজার সম্পর্কে ধারণা পাওয়া যায়। দেশে আসা ৮০ শতাংশ মাদক উদ্ধার করা সম্ভব হয় না বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র। সেই হিসাবে দেশের ভেতর দিয়ে যত মাদক চোরাচালান হয়, এর সর্বোচ্চ ২০ শতাংশ উদ্ধার হয়।

দেশে মাদকের বিশাল বাজার থাকায় কারবারিরা সর্বোচ্চ মুনাফার জন্য এই ব্যবসায় যুক্ত হচ্ছেন। খুচরা বিক্রেতাদের গ্রেপ্তার করা তুলনামূলক সহজ। তবে মূল কারবারিদের শনাক্ত করতে পুলিশের সাফল্যের পাশাপাশি ব্যর্থতাও রয়েছে।
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সায়েদুর রহমান

ডিএনসির ‘বাংলাদেশের বার্ষিক মাদক প্রতিবেদন, ২০২৫’ থেকেই মাদকের বিস্তার সম্পর্কে ধারণা পাওয়া যায়। গত বছর ইয়াবাসহ অ্যামফেটামিনজাতীয় উত্তেজক মাদকের বড়ি উদ্ধারে উল্লেখযোগ্য উল্লম্ফন দেখা গেছে।

ডিএনসির প্রতিবেদন অনুযায়ী, গত বছর এ ধরনের বড়ি উদ্ধার হয়েছে ৪ কোটি ৩৫ লাখ ৬২ হাজার ৮১১টি। আগের বছর হয়েছিল ২ কোটি ২৮ লাখ ৫৭ হাজার ৭৫১টি। অর্থাৎ এক বছরে উদ্ধার বেড়েছে প্রায় ৯১ শতাংশ।

যদিও সব সময় মাদক উদ্ধারের পরিমাণ বাড়া বা কমা দিয়ে সরাসরি মাদক ব্যবহারের প্রবণতা নির্ধারণ করা যায় না বলে মনে করেন বিশেষজ্ঞরা।

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সায়েদুর রহমান প্রথম আলোকে বলেন, দেশে মাদকের বিশাল বাজার থাকায় কারবারিরা সর্বোচ্চ মুনাফার জন্য এই ব্যবসায় যুক্ত হচ্ছেন। খুচরা বিক্রেতাদের গ্রেপ্তার করা তুলনামূলক সহজ। তবে মূল কারবারিদের শনাক্ত করতে পুলিশের সাফল্যের পাশাপাশি ব্যর্থতাও রয়েছে। পুলিশ সদস্যদের বিরুদ্ধে মাদক-সম্পৃক্ততার অভিযোগ এলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাঁর মতে, শিশু-কিশোরদের মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকেও কার্যকর ভূমিকা রাখতে হবে।

মামলার পাহাড়, তদন্তে বড় ফাঁক

মাদক নিয়ন্ত্রণে অভিযানের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তদন্ত ও বিচার। গত সেপ্টেম্বরের শেষ দিকে প্রকাশিত আদালত-সংক্রান্ত তথ্য অনুযায়ী, দেশের ৬৪ জেলার আদালতে প্রায় ৪ লাখ ৪৬ হাজার মাদক মামলা বিচারাধীন ছিল। এর মধ্যে পাঁচ বছর বা তার বেশি কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের মামলার সংখ্যা ১ লাখ ৬৬ হাজারের বেশি। অথচ মাদক মামলার বিচার দ্রুত শেষ করার জন্য আইনগত সময়সীমা রয়েছে।

বিচারিক দীর্ঘসূত্রতার পাশাপাশি মামলার তদন্তের মান নিয়েও গুরুতর প্রশ্ন রয়েছে। প্রথম আলোর আগের একটি অনুসন্ধানে ২৬ জেলার বিভিন্ন আদালত থেকে সংগ্রহ করা ৫০০ মাদক মামলার রায় পর্যালোচনা করা হয়। এতে দেখা যায়, ৫০০ মামলার মধ্যে ২৯৬টিতে সব আসামি খালাস পেয়েছেন। সাজা হয়েছে ২০৪টি মামলায়। অর্থাৎ, পর্যালোচিত মামলাগুলোর ৫৯ দশমিক ২ শতাংশে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি।

খালাসের পেছনে নিরপেক্ষ সাক্ষীর অভাব, জব্দতালিকার অসংগতি, ত্রুটিপূর্ণ এজাহার, তদন্ত কর্মকর্তার সাক্ষ্য না দেওয়া এবং রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন নিয়ে প্রশ্ন ওঠার মতো একাধিক কারণ পাওয়া যায়। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, পর্যালোচনা করা ৫০০ মামলার কোনোটির তদন্তেই মাদকসহ গ্রেপ্তার ব্যক্তিদের বাইরে মাদকের অর্থদাতা, পৃষ্ঠপোষক বা বড় সরবরাহকারীদের শনাক্ত করার তথ্য পাওয়া যায়নি।

ফলে মূল ব্যবসায়ী ও সরবরাহব্যবস্থার নিয়ন্ত্রকদের বিরুদ্ধে তদন্ত কত দূর এগোয়, সে প্রশ্ন তৈরি হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিজস্ব মামলা-সংক্রান্ত তথ্যেও উচ্চ খালাসের হার পাওয়া যায়। সংস্থাটির হিসাবে, ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত তাদের করা ১ লাখ ২২ হাজার ৪২২টি মামলার মধ্যে নিষ্পত্তি হয়েছে ১৩ হাজার ৩৭৬টি। এর মধ্যে ৭ হাজার ৫৩৯টি মামলায় আসামিরা খালাস পেয়েছেন। অর্থাৎ, নিষ্পত্তিকৃত মামলার ৫৬ দশমিক ৩৬ শতাংশে খালাস হয়েছে।

আদালতের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মাদক মামলায় সাক্ষীরা আদালতে হাজির না হওয়ায় অনেক আসামি খালাস পান। বিশেষ করে জব্দতালিকার ভাসমান সাক্ষীদের পরে খুঁজে পাওয়া যায় না। অন্যদিকে ছবি, ভিডিও ও সিসিটিভি ফুটেজের মতো ডিজিটাল প্রমাণ যথাযথভাবে সংরক্ষণ ও উপস্থাপনে তদন্ত-সংশ্লিষ্টদের একধরনের অনীহা দেখা যায়। এ কারণে অনেক আসামি পার পেয়ে যান।

কঠোর আইনেও নিয়ন্ত্রণ কতটা

মাদক নিয়ন্ত্রণে প্রধান আইনি কাঠামো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮। এতে মাদকের ধরন, পরিমাণ এবং অপরাধের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন মেয়াদের কারাদণ্ড থেকে শুরু করে গুরুতর কিছু অপরাধে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।

চলতি বছরের জুলাইয়ে আইনটি সংশোধন করা হয়। নতুন বিধানে সাইবার স্পেস ও ডিজিটাল মাধ্যম ব্যবহার করে মাদক ক্রয়-বিক্রয়, সরবরাহ, প্রচার ও লেনদেনের অপরাধ অন্তর্ভুক্ত হয়েছে। একই সঙ্গে গুরুতর মাদক মামলার বিচার দ্রুত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের ব্যবস্থা রাখা হয়েছে। এর ভিত্তিতে গত সেপ্টেম্বরে ২২টি মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার।

আইন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ট্রাইব্যুনাল গঠিত হলেও অক্টোবর পর্যন্ত সেগুলোর জন্য পৃথক বিচারক পদ সৃষ্টি হয়নি। বিদ্যমান বিচারকদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে বিচার চালানোর ব্যবস্থা করা হয়েছে।

এদিকে মাদক ব্যবসার অর্থদাতা, মূল সরবরাহকারী ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কতটি মামলা হচ্ছে, কতজন দণ্ডিত হচ্ছেন এবং কত টাকার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত হচ্ছে—এসবের সমন্বিত তথ্য পাওয়া যায়নি।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী প্রথম আলোকে বলেন, মাদক বহনকারী বা খুচরা বিক্রেতাকে গ্রেপ্তার করলেই সমস্যার সমাধান হবে না। একজন গ্রেপ্তার হলে তাঁর জায়গায় আরেকজন আসেন। জামিনে বেরিয়েও অনেকে একই অপরাধ করেন। মাদক এখন গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মহামারির মতো রূপ নিয়েছে। এ জন্য মাদকের উৎসটাই বন্ধ করতে হবে।