গ্রেপ্তার
গ্রেপ্তার

শ্যামলীতে টাকা ছিনিয়ে নিতে যুবককে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীর শ্যামলী এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রুহুল আমিন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাঁকে মারধর ও ছুরিকাঘাত করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোররাত তিনটার দিকে শ্যামলী এলাকায় রুহুল আমিনকে মারধর ও ছুরিকাঘাত করে সঙ্গে থাকা টাকা নিয়ে যায় ৪-৫ জন দুর্বৃত্ত। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। আজ রোববার দুপুরে সেখানে তাঁর ময়নাতদন্ত সম্পন্ন হয়।

এ ঘটনায় অভিযুক্ত আলামিন ওরফে বাবু ও রাসেল নামের দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

নিহত রুহুল আমিনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। তিনি শ্যামলী এলাকার ফুটপাতে ভাসমান হিসেবে রাত কাটাতেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত রুহুল আমিনের মা আসমা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা করেছেন। পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনও ভাসমান প্রকৃতির।