১৮টি সোনার বারসহ আটক যাত্রী মোহাম্মদ রুহুল আমিন (মাঝে) ও কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। ২৩ নভেম্বর ২০২৬
১৮টি সোনার বারসহ আটক যাত্রী মোহাম্মদ রুহুল আমিন (মাঝে) ও কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। ২৩ নভেম্বর ২০২৬

শাহজালালে পৌনে ৪ কোটি টাকার সোনার বারসহ দুবাইফেরত যাত্রী আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮টি সোনার বারসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ হওয়া এসব সোনার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭৮ লাখ টাকা।

আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে বিমানবন্দরের কাস্টমস হলের গ্রিন চ্যানেল এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক যাত্রীর নাম মোহাম্মদ রুহুল আমিন। তিনি ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে (এফজেড ৫০১) দুবাই থেকে ঢাকায় আসেন।

সিআইআইডির তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেল এলাকায় সতর্ক অবস্থান নেন সংস্থাটির কর্মকর্তারা। এ সময় ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর সঙ্গে থাকা সব লাগেজ স্ক্যান করার পাশাপাশি শরীরও স্ক্যান করা হয়।

একপর্যায়ে শরীরে সোনার বার লুকিয়ে রাখার কথা স্বীকার করেন ওই যাত্রী। পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা ও অন্যান্য সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে তাঁর কাছ থেকে স্কচটেপে মোড়ানো ধাতব বস্তু উদ্ধার করা হয়। সেগুলো খুলে প্রতিটি ১১৭ গ্রাম ওজনের ১৮টি সোনার বার পাওয়া যায়।

সিআইআইডি জানিয়েছে, উদ্ধার করা সোনার বারগুলোর মোট ওজন ২ হাজার ১০৬ গ্রাম (২ কেজি ১০৬ গ্রাম)। তবে এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি কাস্টমস।