
রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মাজহারুল ইসলাম ওরফে রানা (২৬) নামের এক পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার হয়েছে। তিনি রাজধানীর বারিধারায় অবস্থিত পুলিশের বিশেষায়িত অ্যান্টিটেররিজম ইউনিটের ডিসিপ্লিন শাখায় কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, মাজহারুল এলিফ্যান্ট রোডে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির স্টাফ কোয়ার্টারের ৩ নম্বর ভবনের নিচতলায় একটি কক্ষে ভাড়া থাকতেন।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল গণি আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আজ বেলা পৌনে দুইটার দিকে এলিফ্যান্ট রোডের স্টাফ কোয়ার্টারের এক বাসিন্দার কাছে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। সেখানে মাজহারুলকে একটি কক্ষের মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। পাশেই একটি চেয়ার ছিল। আর সিলিংফ্যানের সঙ্গে গামছা প্যাঁচানো ছিল। পরে পুলিশ মাজহারুলকে উদ্ধার করে সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার গলায় দাগের চিহ্ন রয়েছে। তিনি অবিবাহিত ছিলেন।
ওসি সফিকুল বলেন, মাজহারুলের মুঠোফোন পরীক্ষা করে দেখা যায়, গতকাল বুধবার রাত দুইটা পর্যন্ত তিনি তাঁর স্বজনদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, এই মৃত্যু নিয়ে পুলিশের সন্দেহ রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।
পুলিশ কনস্টেবল মাজহারুলের ভগ্নিপতি আবুল বাশার হাসপাতালে প্রথম আলোকে বলেন, ‘গতকাল দুপুরেও বাড়িতে স্বজনদের সঙ্গে মাজহারুল কথাবার্তা বলেছে। আমরা তো এমন কিছু জানতে পারেননি যে আত্মহত্যা করতে পারে। সে ছয় বছর যাবৎ চাকরি করছিল।’
তবে পুলিশের নিউমার্কেট অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. রেফাতুল ইসলাম প্রথম আলোকে বলেনে, প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে।