
আদালত ফটকের সামনে থেকে ছিনিয়ে নেওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি মো. আবু ছিদ্দিক সোহেল ওরফে সাকিবের স্ত্রী শিখাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ শুক্রবার রাতে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
ওই বার্তায় জানানো হয়েছে, আদালতের ফটক থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের মূল সমন্বয়ক জেল পলাতক জঙ্গি সোহেলের স্ত্রী শিখা ও তাঁর আশ্রয়দাতাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তবে নারায়ণগঞ্জের কোথা থেকে, কখন গ্রেপ্তার করা হয়েছে, এ বিষয়ে কিছু জানানো হয়নি। তাঁদের নিয়ে পলাতক জঙ্গি গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলেও জানিয়েছে ডিএমপি।
গত ২০ নভেম্বর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ফটকে পুলিশের চোখে স্প্রে ছিটিয়ে, কিল–ঘুষি মেরে মইনুল হাসান শামীম ও মো. আবু ছিদ্দিক সোহেলকে ছিনিয়ে নেন। এরপর তাঁরা দুটি মোটরসাইকেলে রায়সাহেব বাজার মোড়ের দিকে পালিয়ে যান। তাঁরা জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন ও লেখক-ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এ ছাড়া তাঁরা আরও কয়েকটি হত্যা মামলার আসামি।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করে পুলিশ।
পালিয়ে যাওয়া দুই জঙ্গিকে ধরতে দেশজুড়ে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়। এমনকি পুলিশের পক্ষ থেকে দুই জঙ্গিকে ধরিয়ে দিলে ১০ লাখ করে মোট ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।