
চেক প্রত্যাখ্যানের মামলায় পুলিশের এক পরিদর্শককে (বরখাস্ত) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর নাম কাজী রাকিব উদ্দিন। সর্বশেষ বান্দরবানের রুমা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত ছিলেন তিনি। চতুর্থ যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন গত সোমবার এ রায় দেন। বুধবার রায়ের বিস্তারিত জানা যায়।
বাদীর আইনজীবী জুলফিকার আলী প্রথম আলোকে বলেন, আদালত পুলিশ কর্মকর্তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং চেকের ৫২ লাখ টাকা জরিমানা করেন। তিনি পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।
আদালত সূত্র জানায়, চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশে (ডিবি) কর্মরত অবস্থায় রাকিব উদ্দিনের সঙ্গে ডবলমুরিং এলাকার শামীমা আক্তারের পরিচয় হয়।
পরিচয়ের সূত্রে ২০২১ সালের শুরুর দিকে শামীমার কাছ থেকে ৫২ লাখ টাকা ধার নেন রাকিব। পরে ওই টাকা ফেরত চাইলে শামীমাকে ২০২১ সালের ১৮ আগস্ট ৫২ লাখ টাকার একটি চেক দেন রাকিব। চেকটি সোনালী ব্যাংক বান্দরবান শাখায় জমা দিলে একই মাসের ৩১ তারিখে প্রত্যাখ্যাত হয়। এরপরও নির্দিষ্ট সময়ে পাওনা টাকা পরিশোধ না করায় ২০২১ সালের ৩১ অক্টোবর শামীমা আক্তার রাকিবের বিরুদ্ধে মামলা করেন।