গ্রেপ্তার মো. অনিক শেখ
গ্রেপ্তার মো. অনিক শেখ

ফেসবুকে ইলিশ বিক্রির লোভনীয় বিজ্ঞাপন, অগ্রিম টাকা নিয়েই উধাও হয়ে যেতেন তিনি

ফেসবুকে ইলিশ মাছ ও বিভিন্ন পণ্য বিক্রির লোভনীয় বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের কাছ থেকে অগ্রিম টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেপ্তার তরুণের নাম মো. অনিক শেখ (২১)।

মঙ্গলবার দুপুরে নড়াইলের কালিয়া উপজেলার আমতলা এলাকায় অভিযান চালিয়ে অনিককে গ্রেপ্তার করা হয়। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিটিটিসির বরাত দিয়ে ডিএমপি জানায়, অনিক শেখ দীর্ঘদিন ধরে ফেসবুকে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের প্রলুব্ধ করতেন। আগ্রহী ক্রেতাদের সঙ্গে পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রথমে প্যাকেজিং খরচের কথা বলে ৫৫০ টাকা অগ্রিম নিতেন। এরপর বিভিন্ন অজুহাতে আরও টাকা আদায় করে তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতেন।

এ ঘটনায় পল্লবী থানায় একটি মামলা করা হয়। মামলার তদন্তে নেমে সিটিটিসি গোপন তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে অনিককে শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানের সময় অনিকের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মুঠোফোন, আটটি সিমের পাশাপাশি ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) সংক্রান্ত তথ্য জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনিক প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সিটিটিসি। সংস্থাটির দাবি, তিনি সহযোগীদের নিয়ে তিন বছর ধরে একই কৌশলে দেশের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

পুলিশ জানিয়েছে, অনিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে চক্রটির পলাতক সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।