গ্রেপ্তার হওয়া কাউসার মিয়া (মাঝে)
গ্রেপ্তার হওয়া কাউসার মিয়া (মাঝে)

ঢাকার আদালত থেকে পালানো আসামি কাউসার গ্রেপ্তারের পর কারাগারে

ঢাকার আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালানো হত্যা মামলার আসামি কাউসার মিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, শুনানির সময় আসামিপক্ষের কোনো আইনজীবী ছিলেন না। তাঁকে এজলাসেও উঠানো হয়নি। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

এর আগে আজ সকাল ছয়টার দিকে নেত্রকোনার পূর্বধলা থানার তারাকান্দা এলাকায় অভিযান চালিয়ে কাউসার মিয়াকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা–পুলিশ। এরপর দুপুরে তাঁকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সুফল কুমার রায়।

ওই আবেদনে বলা হয়, কাউসারকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে এবং তদন্ত চলছে। তদন্তের স্বার্থে তাঁকে কারাগারে আটক রাখা প্রয়োজন। পাশাপাশি প্রয়োজনে পরবর্তী সময়ে রিমান্ডের আবেদন করা হবে বলেও আবেদনে উল্লেখ করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এই তদন্ত কর্মকর্তা বলেন, আজ সকাল ছয়টার দিকে কাউসারের খালার বাসায় অভিযান চালিয়ে ঘুমন্ত অবস্থা থেকে তুলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গত মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যান কাউসার। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে আসামি পালানোর বিষয়টি জানা যায়। ওই দিনই আসামি কাউসারের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ রিপন মোল্লা।

কাউসার মিয়ার বাড়ি নেত্রকোনার পূর্বধলা থানার ধলা মাইজপাড়া এলাকায়। দক্ষিণখান থানার হত্যা মামলায় কাউসার মিয়া আসামি। এ মামলায় তাঁর বিরুদ্ধে করা মামলা নম্বর ৭৮/২২ চলমান। সেদিন ওই আসামিকে আদালতে আনা ও পাহারার দায়িত্বে ছিলেন কনস্টেবল আরাফাত।

আদালত সূত্রে জানা যায়, ঢাকার দক্ষিণখানে দক্ষিণ পাড়া এলাকায় ২০২০ সালের ২০ জুলাই বাথরুমে ছুরিকাঘাতে খুন করা হয় ১৭ বছরের এক কিশোরীকে। এ ঘটনায় পরদিন তার বাবা অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন। তদন্তে গিয়ে ওই দিনই কাউসারকে টঙ্গী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন কাউসার আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন।

মামলার তদন্ত শেষে ২০২১ সালের ৩০ জুন কাউসারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন দক্ষিণখান থানার এসআই সুজন চন্দ্র কর্মকার। পরে ২০২২ সালের ২০ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলায় বিচার শুরু হয়। মামলায় এখন পর্যন্ত নিহত ওই কিশোরীর বাবা ও তার বড় বোন সাক্ষ্য দিয়েছেন। গ্রেপ্তারের পর থেকেই কারাগারে আটক ছিলেন কাউসার।