
ঢাকার মোহাম্মদপুরের রায়েরবাজার বধ্যভূমি এলাকায় দুই জাপানি পর্যটক ছিনতাইয়ের শিকার হন চার দিন আগে। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে। পুলিশ জানায়, ছিনতাইয়ের পর তাঁদের দুজন আনন্দভ্রমণে যান।
ঢাকার শ্যামলীতে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনারের (ডিসি) কার্যালয়ে আজ শুক্রবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত সোমবার রাতে ছিনতাইয়ের শিকার হন দুই জাপানি পর্যটক। তাঁদের কাছ থেকে ১ লাখ ৫৩ হাজার ইয়েন, ২৮ হাজার টাকা, দুটি আইফোন, পাসপোর্টসহ অন্যান্য সামগ্রী ছিনিয়ে নেন তিন ছিনতাইকারী। অর্থ ও মালামাল ভাগাভাগির পর আনন্দভ্রমণে কক্সবাজারে যান দুই ছিনতাইকারী। সেখান থেকে যান চট্টগ্রামের সীতাকুণ্ডে।
তেজগাঁও বিভাগের ডিসি এইচ এম আজিমুল হক সংবাদ সম্মেলনে বলেন, ঘটনাস্থলের আশপাশের এলাকার ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ছিনতাইকারীদের শনাক্ত করা হয়। পরে তিনজনকেই গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন, খায়রুল ইসলাম (স্বপন), জিহাদুল ইসলাম (মামুন) ও আবু রাসেল (প্রত্যয়)।
আজিমুল হক জানান, গতকাল বৃহস্পতিবার মোহাম্মদপুরের বোটঘাট এলাকা থেকে প্রথমে খায়রুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রায়েরবাজার শুঁটকির আড়তের কাছের একটি মাঠ থেকে ওই দুই জাপানি পর্যটকের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, স্বাস্থ্য কার্ড, দুটি ক্রেডিট কার্ড ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয়। পরে সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করা হয় জিহাদুল ও রাসেলকে। তাঁদের কাছ থেকে একটি আইফোন, ৩০ হাজার ইয়েন, একটি পোর্টেবল হটস্পট ও একটি ব্লুটুথ ডিভাইস উদ্ধার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জাপানি পর্যটকদের একজন উপস্থিত ছিলেন। এই জাপানি নাগরিক বলেন, তিনি ছিনতাইয়ের শিকার হলেও ছিনতাইকারীদের গ্রেপ্তার করায় খুব খুশি। দ্রুত পদক্ষেপ নেওয়ায় তিনি পুলিশকে ধন্যবাদও জানান।
যেভাবে ছিনতাই
পুলিশের ভাষ্য, ভুক্তভোগী দুই জাপানি নাগরিক ২১ এপ্রিল বাংলাদেশে ঘুরতে আসেন। ২৪ এপ্রিল তাঁরা শুক্রাবাদের একটি হোটেলে ওঠেন। ওই দিনই রাত সাড়ে আটটার দিকে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ ও কবরস্থানে ঘুরতে যান।
রাত নয়টার দিকে এই পর্যটকেরা কবরস্থান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিলেন না। এ সময় তিন যুবক তাঁদের ভুল রাস্তা দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যান। পরে অস্ত্রের ভয় দেখিয়ে তাঁদের কাছ থেকে সব লুটে নেন। এরপর তাঁরা দুজন হোটেলে ফেরেন। পরদিন ঘটনাটি হোটেলের ব্যবস্থাপককে জানান।
পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে প্রথম আলোকে বলেন, ছিনতাইয়ের ঘটনা হোটেলের ব্যবস্থাপক মোহাম্মদপুর থানা-পুলিশকে জানান। এ ঘটনায় ব্যবস্থাপক বাদী হয়ে মামলা করেন। ঘটনার তদন্তে নেমে ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী গ্রেপ্তার তিনজনই পেশাদার ছিনতাইকারী।