ছুরিকাঘাত
ছুরিকাঘাত

ধানমন্ডিতে পিঠা বিক্রেতার ছুরিকাঘাতে ভ্যানচালক নিহত

রাজধানীর ধানমন্ডিতে ভ্যান ভাড়া নিয়ে বিরোধের জেরে পিঠা বিক্রেতার ছুরিকাঘাতে এক ভ্যানচালক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম রনি খন্দকার (৪৭)। তিনি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার শ্যামপাড়া গ্রামের মৃত আবদুস সামাদ খন্দকারের ছেলে। তিনি ভ্যানচালক ছিলেন বলে জানিয়েছে পরিবার।

ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) শাহজালাল বলেন, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে ধানমন্ডি তিন নম্বর সড়কে এ ঘটনা ঘটে। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় পপুলার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত রনি খন্দকারের ছেলে রায়হান খন্দকার জানান, রাতে ভ্যান ভাড়া নিয়ে এক পিঠা বিক্রেতার সঙ্গে তাঁর বাবার তর্কবিতর্ক হয়। একপর্যায়ে ওই বিক্রেতা ও তার সঙ্গে থাকা আরও একজন রনিকে আঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত লোকজন একজনকে আটক করেন। মূল অভিযুক্ত পালিয়ে গেছে বলে জানান তিনি।

রনি খন্দকার হাজারীবাগ বউবাজার এলাকায় ভাড়া বাসায় পরিবারসহ থাকতেন। তিনি দুই ছেলের বাবা ছিলেন।

পুলিশ জানায়, ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।