
জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় নেতা আবদুস সালাম বাহাদুর (৫২) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ঢাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে তদন্তের স্বার্থে তাঁদের নাম প্রকাশ করেনি পুলিশ।
পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার রুবাইয়েত জামান প্রথম আলোকে বলেন, সালাম হত্যার রহস্য উদ্ঘাটিত হয়েছে। বুধবার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
পুলিশ বলছে, হত্যার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সংখ্যা বাড়তে পারে।
পারিবারিক সূত্র জানায়, সালাম বাহাদুর জেপির কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক ছিলেন। তাঁর গ্রামের বাড়ি পিরোজপুরের ইন্দুরকানিতে। তিনি রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর সড়কের একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন। রাজনীতির পাশাপাশি তিনি ঠিকাদারিও করতেন।
পুলিশ জানায়, সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, গত শনিবার মধ্যরাতে লাল রঙের একটি প্রাইভেট কার থেকে এক তরুণ ও এক তরুণী সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে জেপি নেতা সালামের লাশ ফেলে যান। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তাঁর হাত ও হাতের কবজি ভাঙা ছিল এবং পায়ে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করা হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির ছোট ভাই আবদুল করিম রোববার শেরেবাংলা নগর থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।