
রাজধানীর শ্যামলীতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ‘ঠিকানা’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কেউ হতাহত হয়নি। এদিকে উত্তর শাহজাহানপুরে বিএনপির পার্টি অফিসের পাশের ঝিলপাড় এলাকা থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।
শেরেবাংলা থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, আজ মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে বাসটি আসাদ গেটের দিকে যাচ্ছিল। মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে আসামাত্রই কে বা কারা বাসটিতে আগুন দেয়। বাসে যাত্রী ছিল না। চালক ও তাঁর একজন সহকারী ছিলেন। তবে কেউ হতাহত হননি।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ফায়ার সার্ভিসের সহায়তায় বাসের আগুন নেভানোর চেষ্টা চলছে। এখনো পুরোপুরি নেভেনি। কে বা কারা আগুন দিয়েছে, খোঁজার চেষ্টা করছেন তাঁরা।
পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র বলছে, আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকা ও ঢাকার বাইরে ১১ জেলায় ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে।
শাহজাহানপুরে বিএনপি অফিসের পাশ থেকে তাজা ককটেল উদ্ধার
এদিকে বেলা ১টা ১০ মিনিটে রাজধানীর উত্তর শাহজাহানপুরে বিএনপির পার্টি অফিসের পাশের ঝিলপাড় এলাকা থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)। পরিত্যক্ত একটি বস্তার ভেতর থেকে এসব ককটেল পাওয়া যায়।
এসআরবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক পথচারী বস্তার মধ্যে বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে এসআরবি-৩-কে খবর দেন। এরপর তারা গিয়ে ককটেলগুলো উদ্ধার করে। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের তত্ত্বাবধানে এগুলো ধ্বংস করা হয়। এ ঘটনায় রাজধানীর শাহজাহানপুর থানায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, ককটেলগুলো সেখানে কারা এবং কী উদ্দেশ্যে রেখেছিল, তা শনাক্ত করতে গোয়েন্দা অনুসন্ধান ও তদন্ত চলছে। এ ছাড়া আশপাশে কোনো পরিত্যক্ত বা সন্দেহজনক ব্যাগ, বস্তা, কার্টন কিংবা টিন দেখতে পেলে তাতে স্পর্শ না করে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।
ডিএমপি সূত্র বলছে, গতকাল সোমবার বিকেল থেকে আজ সকাল পর্যন্ত ঢাকার ১৯টি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় অন্তত ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার বাইরে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, শরীয়তপুর, কক্সবাজার ও রংপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।