চট্টগ্রামে নিখোঁজের পাঁচ দিনের মাথায় ১০ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। গতকাল বুধবার রাতে নগরের চান্দগাঁও থানার গোলাপের দোকান এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিচে বালু ও ইটের নিচ থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজম খান ও মুজিবউদ্দৌলা নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তাঁরা পুলিশকে জানিয়েছেন, মুক্তিপণ আদায়ের জন্য শিশুটিকে পটকা দেওয়ার কথা বলে নিয়ে যান। পরে মুক্তিপণ আদায় করতে না পেরে খুন করে বালু ও ইট চাপা দিয়ে রাখেন।
নিহত শফিউল আজম নগরের চান্দগাঁও পশ্চিম মোহরা এলাকার সেলিম উদ্দিনের ছেলে। গ্রেপ্তার আসামিরাও একই এলাকার বাসিন্দা।
নিহত শিশু শফিউল আজম পশ্চিম মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম আজ বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে বলেন, শিশু শফিউল আজমকে গত ২৯ এপ্রিল বিকেলে
পটকা কিনে দেওয়ার কথা বলে প্রতিবেশী আজম খান ডেকে নিয়ে যান। পরে শিশুটির পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। কিন্তু শিশুটির বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী। মুক্তিপণের টাকা পাবেন না জেনে ঘটনার দিন শিশুটিকে মাথায় ও মুখে কাঠ দিয়ে আঘাত করা হয়। আঘাতে শিশুটির মৃত্যু হওয়ার পর একটি নির্মাণাধীন ভবনের নিচ তলায় বালু ও ইট চাপা দিয়ে রাখা হয়।
ওসি খাইরুল ইসলাম আরও বলেন, ক্লোজড সার্কিট সিসি ক্যামেরা ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হয়। গতকাল বুধবার রাতে আসামিদের গ্রেপ্তারের পর তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে শিশুটির লাশ উদ্ধার হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ চট্রগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
শিশুটির বাবা সেলিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলেকে যারা নৃশংসভাবে খুন করেছে, তাদের ফাঁসি চাই।’