
জুলাই আন্দোলনের একটি হত্যা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তাঁরা হলেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ (মুন্না) এবং ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান (রিপন)।
আজ বুধবার মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক নাজমুল হাসান আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহর আদালত তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, এই মামলার ভিকটিমকে হত্যার ঘটনায় আসামিদের জড়িত থাকার সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে কারা কী নির্দেশনা দিয়েছেন, তাঁদের নাম-ঠিকানা সংগ্রহ এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ড প্রয়োজন।
মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৫ আগস্ট এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় গত ২৯ অক্টোবর রাজধানীর যাত্রাবাড়ী থানায় মামলা হয়।