রাজধানীর বাড্ডার আফতাবনগরে বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ এস এম আরিফুল ইসলাম (৩০) নামের নামের এক যুবক আহত হয়েছেন। তাঁকে পুলিশ হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযানে থাকা ডিবির গুলশান বিভাগের পরিদর্শক মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, আফতাবনগরের ইস্টার্ন হাউজিং এলাকায় একদল সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ৯টার দিকে সেখানে অভিযান চালানো হয়। ডিবির উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্য আরিফুল নিজের পিস্তল বের করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে।
এ সময় আত্মরক্ষা ও জানমালের নিরাপত্তায় ডিবি শটগানের একটি গুলি ছোড়ে। এতে আরিফুলের ডান হাঁটুর নিচে গুলি লাগে। এ সময় একটি পিস্তল ও তিনটি গুলিসহ আরিফুলকে আটক করা হয়। পরে চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই ঘটনায় তাঁর বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আরিফুল ইসলাম রাজধানীর গোড়ানে থাকেন বলে পুলিশ জানিয়েছে। ঘটনা সম্পর্কে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আরিফুল সংঘবদ্ধ ডাকাত দলের নেতা। তাঁর বিরুদ্ধে পাঁচটি ডাকাতির মামলা ও তিনটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।