ছুরিকাঘাত
ছুরিকাঘাত

জামিনে কারামুক্ত হয়ে বিএনপি নেতাকে ছুরিকাঘাত চার মামলার আসামির

রাজধানীর মাতুয়াইলে শামসুদ্দিন খান ওরফে কালাম নামের এক বিএনপি নেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। পরিবারের দাবি, সন্ত্রাসী রাকিব হোসেন তাঁর সহযোগীদের নিয়ে কালামকে ছুরিকাঘাত করেন। অন্তত চারটি মামলার আসামি রাকিব কিছুদিন আগে জামিনে কারামুক্ত হন বলে জানিয়েছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে কালামকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ঢাকা মহানগর দক্ষিণ ৬৫ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর রক্তাক্ত ছবি ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, কালামের বাসা মাতুয়াইল মেডিকেল রোডের শামীমবাগে। তিনি জুমার নামাজ পড়ার প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হন। দুপুর ১২টার দিকে রাকিবসহ তিন সন্ত্রাসী শামীমবাগ কালভার্টের দক্ষিণ পাশে বিএনপি নেতা কালামের পথরোধ করেন। একপর্যায়ে রাকিব তাঁর পিঠে ছুরি ঢুকিয়ে পালিয়ে যান।

পরে সেখান থেকে পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় কালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অস্ত্রোপচার করে চিকিৎসকেরা তাঁর শরীর থেকে ছুরিটি বের করেন। সন্ধ্যায় প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর জ্ঞান ফেরেনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কালামের স্ত্রী শামসুন নাহার প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী আবাসন নির্মাণ ব্যবসায়ী। এর আগে রাকিবের নেতৃত্বে সন্ত্রাসীরা চাঁদার জন্য তাঁর স্বামীর ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরও চালিয়েছিল।

যোগাযোগ করা হলে কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) সজীব কুমার বাড়ৈ প্রথম আলোকে বলেন, হামলাকারী রাকিবের বিরুদ্ধে অন্তত চারটি মামলা রয়েছে। একটি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে গিয়েছিলেন। কিছুদিন আগে তিনি জামিনে মুক্ত হন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, কালাম এলাকার একটি ঘটনা নিয়ে সালিস বৈঠক ডেকে রাকিবের বিচার করেছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে রাকিব তাঁকে ছুরিকাঘাত করতে পারেন। হামলাকারীকে গ্রেপ্তারে অভিযান চলছে।