
রাজধানীর বনশ্রী এলাকা থেকে ব্যাটারিচালিত রিকশা ছিনতাইয়ের অভিযোগে একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে রামপুরা থানা–পুলিশ। গতকাল শনিবার রাজধানীর মুগদা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ছিনতাই চক্রের হোতা মো. শরীফুল ইসলাম (৩২) ও তাঁর সহযোগী চান্দু (৪০)। চোরাই রিকশা কেনাবেচার সঙ্গে জড়িত ফুল মিয়া (৫৯) ও মো. আল আমিন (৩৮)। তাঁদের কাছ থেকে সাতটি চোরাই রিকশা উদ্ধার করা হয়।
আজ রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম। তিনি বলেন, এই চক্রের সদস্যরা কৌশলে চালককে ঘুমের ওষুধ খাইয়ে রিকশা ছিনতাই করেন। চক্রের হোতা শরীফুল ইসলাম কাভার্ড ভ্যানচালক ছিলেন। ৯ মাস আগে কাভার্ড ভ্যানের মালিক সেটি বিক্রি করে দেন। এরপর একজনের সহায়তায় রিকশা চুরি শেখেন তিনি। পরে একটি চক্র গড়ে তোলেন। চক্রের সদস্যরা প্রতি সপ্তাহে অন্তত চারটি রিকশা ছিনতাই করতেন।
হায়াতুল ইসলাম সংবাদ সম্মেলনে আরও বলেন, গত ৮ এপ্রিল রাতে বনশ্রী এলাকা থেকে এই চক্রের দুজন সদস্য যাত্রী সেজে একটি ব্যাটারিচালিত রিকশায় ওঠেন। পথে চালককে অজ্ঞান করে রিকশাটি নিয়ে যান তাঁরা। পথচারীরা রিকশাচালক শাহ আলমকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ এপ্রিল মারা যান তিনি।
এ ঘটনায় শাহ আলমের ছেলে রামপুরা থানায় একটি হত্যা মামলা করেন। পরে বনশ্রী ও খিলগাঁও এলাকার শতাধিক সিসিটিভির ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রিকশাটি ছিনতাইয়ে শরীফুলের সহযোগী চান্দু ও শাহাবুদ্দিনকে শনাক্ত করা হয়।