ঢাকায় তরুণীকে ধর্ষণে বরিশাল থেকে যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজধানীর ধানমন্ডিতে এক তরণীকে ধর্ষণের ঘটনায় মাহাদী হাসান (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে বরিশাল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলেছে, আজ শুক্রবার তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মাহাদী হাসানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, গত সোমবার ধানমন্ডিতে এক তরুণীকে ধর্ষণের পর মাহাদী পালিয়ে যান। পরদিন ওই তরুণীর বাবা ধানমন্ডি থানায় অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে ধর্ষণ মামলা করেন। পরে সিসি ক্যামেরা ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মাহাদীর অবস্থান শনাক্ত করে পুলিশ।

ওসি পারভেজ ইসলাম বলেন, গতকাল রাতে ধানমন্ডি থানা-পুলিশের একটি দল বরিশাল শহরের জর্ডান রোডের একটি বাসা থেকে মাহাদীকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসে। আজ মাহাদীকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হলে তিনি জবানবন্দি দিতে রাজি হন। আদালত তাঁর জবানবন্দি নিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ধানমন্ডি থানা-পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর পুলিশ কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে মাহাদী বলেছেন, রাজধানীর কল্যাণপুরে তাঁর মামার বাসা। তিনি বরিশাল থেকে এসে সেখানে থাকতেন। ধানমন্ডি লেক ও এর আশপাশে ঘুরে বেড়াতেন। এই এলাকায় তাঁর একটি দল আছে। ধানমন্ডি লেকে আসা বিভিন্ন নারীর সঙ্গে সখ্য গড়ে তুলতেন তাঁরা।

পুলিশ জানিয়েছে, ৩ জুলাই ভুক্তভোগী ওই তরুণী বাসা থেকে অভিমান করে বের হয়ে ধানমন্ডি লেকে আসেন। এই সময় মাহাদী তাঁকে কথার ফাঁদে ফেলে ধানমন্ডির একটি ভবনের সাততলার ছাদে রেস্তোরাঁয় খাওয়ানোর কথা বলেন। সেখানে যাওয়ার পর ওই তরুণীকে ধর্ষণ করে পালিয়ে যান মাহাদী।