সংঘর্ষ
সংঘর্ষ

মোহাম্মদপুরে দুই সন্ত্রাসী গোষ্ঠীর সংঘর্ষ, বাবা গুলিবিদ্ধ ও ছেলেকে কুপিয়ে আহত

রাজধানীর মোহাম্মদপুরে তিন রাস্তার কাছে বৃহস্পতিবার রাতে এলাকায় আধিপত্য বিস্তার ও দ্বন্দ্বের জেরে স্থানীয় দুটি সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একটি পক্ষের গুলি ও চাপাতির কোপে দুজন আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন কাঁচামাল ব্যবসায়ী মো. সুমন আলী (৪৫) ও মো. ফাহিম আলী (২৫)।

পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. জুয়েল রানা প্রথম আলোকে বলেন, রাত পৌনে ৯টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার তিন রাস্তার আগে স্থানীয় সন্ত্রাসী সাব্বির গ্রুপের সঙ্গে পাটালি গ্রুপের সদস্যরা লাঠিসোঁটা, ধারালো ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পাটালি গ্রুপের দুই সদস্য সুমন আলী ও তার ছেলে ফাহিম আলী আহত হন। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাসপাতালে চিকিৎসাধানী ফাহিম আলী প্রথম আলোকে বলেন, রাতে দোকানে বাবা মালামাল বিক্রি করছিলেন। তখন তিনি বাসা থেকে রাতের খাবার খেয়ে বাবার দোকানের সামনে যান। এ সময় চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা তাঁর বাবার পায়ে গুলি চালায় এবং তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন।

আহত সুমন আলী গত ১৫ সেপ্টেম্বর সাব্বির গ্রুপের চাপাতির কোপ ও গুলিতে নিহত পাটালি গ্রুপের ফরহাদ হোসেনের ভগ্নিপতি।

পুলিশ সূত্রে জানা গেছে, ফরহাদ খুনের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি সাব্বির গ্রুপের আরমানকে কয়েক দিন আগে পুলিশে ধরিয়ে দেওয়া হয়। এর জেরে সাব্বির গ্রুপের সদস্যরা পাটালি গ্রুপের সদস্য সুমন ও তাঁর ছেলে ফাহিম আলীর ওপর হামলা করেন। এরপর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে দুই পক্ষ এলাকা ছেড়ে চলে যায়।