অর্ধশত নারীর ছবি ব্যবহার করে ভুয়া আইডি খুলেছেন তিনি

ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে আল মাসুমকে চট্টগ্রাম নগরের ইপিজেড থানার তক্তারপুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়
ছবি: প্রথম আলো

চট্টগ্রামে নারীদের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম আল মাসুম (৩০)। আজ বৃহস্পতিবার নগরের ইপিজেড থানার তক্তারপুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

কাউন্টার টেররিজম ইউনিট চট্টগ্রামের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আসিফ মহিউদ্দীন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার আল মাসুম নারীদের ছবি ও তথ্য ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খোলেন। সেই আইডি থেকে ওই নারীর পরিচিতজনদের কাছে অনুরোধ পাঠান। মাসুম মেসেঞ্জারে ছবি সম্পাদনা করে বিভিন্ন অশ্লীল ছবি পাঠিয়ে ভুক্তভোগী নারী ও তাঁদের স্বজনদের সঙ্গে প্রতারণা করে আসছেন। তাঁদের কাছ থেকে টাকাও আদায় করেছেন। এ পর্যন্ত অন্তত অর্ধশত নারীর ছবি ব্যবহার করে ভুয়া আইডি খোলার কথা স্বীকার করেছেন তিনি। এই ঘটনায় থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

পুলিশ কর্মকর্তা আসিফ মহিউদ্দীন আরও বলেন, চট্টগ্রাম ও ঢাকায় পুলিশের কাছে ভুক্তভোগী নারীরা মাসুমের বিরুদ্ধে অভিযোগ করেন। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামের ইপিজেড এলাকায় একটি কারখানায় কাজ করেন মাসুম। তিনি অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন।