হেলমেট পরা দুজন ফার্মেসিতে গুলি ছোড়ার পর দৌঁড়ে পালায়।
হেলমেট পরা দুজন ফার্মেসিতে গুলি ছোড়ার পর দৌঁড়ে পালায়।

ফার্মেসিতে গুলি করে হাঁটছিলেন তাঁরা, ধাওয়া করতেই বের করলেন রামদা

শুক্রবার রাত ১১টা ১ মিনিট। রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের অনুরাগ ফার্মেসিতে একজন ক্রেতাকে ওষুধ দিচ্ছিলেন বিক্রয়কর্মীরা। হঠাৎ একটি গুলি এসে লাগে সামনের পুরু কাচে। কাচটি আংশিক ভেঙে যায়। এর মধ্যেই আবার গুলি। আতঙ্ক ছড়িয়ে পড়ে কর্মচারী, ক্রেতা ও পথচারীদের মধ্যে।

আজ শনিবার বিকেলে ভয়ার্ত কণ্ঠে ঘটনার বর্ণনা দিচ্ছিলেন ফার্মেসির বিক্রয়কর্মী মইন উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, ‘বিকট শব্দে মোটা কাচটি ভেঙে যায়। মুহূর্তের মধ্যেই আরেকটি গুলি কাচ ভেদ করে আমার মাথার পাশ দিয়ে চলে যায়। অল্পের জন্য গুলিটা মাথায় লাগেনি। নইলে আজ হয়তো বেঁচে থাকতাম না।’

মইন বলেন, হেলমেট পরা দুজন গুলি ছোড়ার পর বেশ স্বাভাবিকভাবেই চলে যাচ্ছিলেন। ফার্মেসিতে একসঙ্গে কয়েকজন থাকায় তাঁরা হামলাকারীদের ধাওয়া করার সাহস পান। কিন্তু বের হয়ে পিছু নিতেই একজন বড় রামদা বের করে ভয় দেখান। এতে আর কেউ এগোনোর সাহস করেননি। পরে হামলাকারী দুজনসহ তিনজন একটি মোটরসাইকেলে উঠে মূল সড়ক ধরে পালিয়ে যান।

অনুরাগ ফার্মেসি থেকে পুলিশের তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের কার্যালয়ের দূরত্ব প্রায় ৫০০ মিটার। মইন উদ্দিনের অভিযোগ, ঘটনার পরপরই জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে তাঁরা পুলিশের সহায়তা চান। তবে ফোন পাওয়ার প্রায় আধা ঘণ্টা পর থানার একটি দল ঘটনাস্থলে এসে তাঁদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে।

কাচ ভেঙে ছড়িয়ে-ছিটিয়ে আছে

গুলিতে বিকট শব্দে মোটা কাচটি ভেঙে যায়। ১৪ নভেম্বর

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বিপরীত পাশে শ্যামলীমুখী মূল সড়কের ধারে অনুরাগ ফার্মেসি। শনিবার বিকেলে সেখানে গিয়ে দেখা যায়, ফার্মেসির পাশে একই প্রতিষ্ঠানের নামে পরপর দুটি রেস্তোরাঁ ও একটি সুপারশপ রয়েছে। গুলিতে ফার্মেসির সামনের কাচ ভেঙে ছড়িয়ে-ছিটিয়ে আছে। তবে সেখানে ক্রেতাদের আনাগোনা ছিল।

পুলিশের তদন্তসংশ্লিষ্ট একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, প্রতিষ্ঠানটির মালিক সৈয়দ হাসান নুর ইসলাম (রাষ্টন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

ফার্মেসির বিক্রয়কর্মী জামিল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনজন একটি মোটরসাইকেলে করে এসেছিলেন। তাঁদের একজন কিছুটা দূরে বাংলাদেশ ফার্মার সামনে মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছিলেন। অন্য দুজন ফার্মেসির সামনে গিয়ে হামলা চালান। তাঁদের একজনের হাতে বড় রামদা ছিল। হামলার পর তাঁরা মোটরসাইকেলে উঠে দ্রুত মূল সড়ক ধরে চলে যান।

গুলি করার জন্য ফার্মেসির দিকে যাচ্ছেন হেলমেট পরা দুজন

আশপাশের প্রতিষ্ঠানের একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজে হামলার দৃশ্য ধরা পড়েছে। একটি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ফার্মেসির সামনের ফুটপাত ও সড়কে পথচারীরা স্বাভাবিকভাবে চলাচল করছেন। সামনে একটি সাদা মাইক্রোবাস দাঁড়ানো। কিছুটা দূরে মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছেন একজন।

তখন রাত ১১টা ১ মিনিট। পাঞ্জাবি ও হেলমেট পরা দুজনের একজন ফুটপাত ধরে এগিয়ে যান। অন্যজন মূল সড়ক ধরে ফার্মেসির সামনে যান। এ সময় গুলি ছোড়ার ঘটনা ঘটে। এরপর তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন। তাঁদের পেছনে কয়েকজনকে ধাওয়া করতে এগিয়ে যেতে দেখা যায়।

৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

পুলিশের তদন্তসংশ্লিষ্ট একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, প্রতিষ্ঠানটির মালিক সৈয়দ হাসান নুর ইসলাম (রাষ্টন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি আওয়ামী লীগ-সমর্থিত ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর দায়ের হওয়া একাধিক মামলার আসামি তিনি। বর্তমানে পলাতক।

হামলার কারণ সম্পর্কে ওই কর্মকর্তা বলেন, প্রতিষ্ঠানের মালিক পলাতক থাকলেও তাঁর ব্যবসা-বাণিজ্য চলছে। ব্যবসা পরিচালনাকে কেন্দ্র করে তাঁর নিজ দলের রাজনৈতিক প্রতিপক্ষ কিংবা অন্য কোনো পক্ষ সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। তবে একাধিক সম্ভাব্য কারণ বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে।

বিকট শব্দে মোটা কাচটি ভেঙে যায়। মুহূর্তের মধ্যেই আরেকটি গুলি কাচ ভেদ করে আমার মাথার পাশ দিয়ে চলে যায়। অল্পের জন্য গুলিটা মাথায় লাগেনি।
মইন উদ্দিন, ফার্মেসির বিক্রয়কর্মী

পুলিশের নথিতে পলাতক আসামি হিসেবে থাকা সৈয়দ হাসান নুর ইসলাম শনিবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি একজন ব্যবসায়ী ও ওই এলাকার সাবেক কাউন্সিলর। কারও সঙ্গে তাঁর ব্যক্তিগত শত্রুতা বা বিরোধ নেই। তিনি বলেন, ‘আমি কখনো হামলা-মামলার রাজনীতি করিনি। এলাকায় আমার সুনাম রয়েছে। ওই ভবনে আমাদের অনুরাগ ফার্মা, অনুরাগ রেস্তোরাঁ, চায়নিজ রেস্তোরাঁ, সুপারশপ ও টেলিকম ব্যবসা রয়েছে।’

৬ নভেম্বর একটি দেশি মুঠোফোন নম্বর থেকে ফোন করে তাঁর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ নুর ইসলামের। তিনি বলেন, ফোনকারী ‘কিলার বাদল’ ও ‘কিলার পাপ্পু’র নাম ভাঙিয়ে কথা বলেন। টাকা না দিলে তাঁর প্রতিষ্ঠান অনুরাগে গুলি, ভাঙচুর ও আগুন দিয়ে সবকিছু জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বিপরীত পাশে শ্যামলীমুখী মূল সড়কের ধারে অনুরাগ ফার্মেসি।

নুর ইসলাম বলেন, তিনি টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে ফোন কেটে দেন এবং নম্বরটি ব্লক করেন। পরে নম্বরটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেওয়া হয়। তাঁর দাবি, চাঁদা না দেওয়ায় হামলা চালানো হয়েছে।

চাঁদা দাবির আগের দিন, ৫ নভেম্বর, তাঁদের প্রতিষ্ঠানের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছেন নুর ইসলাম। এতে কয়েকজন পথচারী আহত হন। ৬ নভেম্বর চাঁদা দাবির পর ৭ নভেম্বর আবার ককটেল হামলা হয়। এরপর ১৩ নভেম্বর প্রতিষ্ঠানে দুটি গুলি ছোড়া হয়। এতে ফার্মেসির সামনের কাচ ভেঙে যায়। তবে কেউ হতাহত হননি। গুলির ঘটনায় শনিবার থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নুর ইসলাম।

এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. জুয়েল রানা শনিবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ঘটনাটির তদন্ত চলছে। প্রকৃত রহস্য উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং অন্যান্য তথ্য-উপাত্ত যাচাই করা হচ্ছে।