
১০ বছর বয়সী শিশুটির বয়স যখন ৫, তখন সে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে আসে। সে জানত না, তার বাবা-মায়ের নাম কী? পথশিশু হিসেবে কখনো সে স্টেশন থেকে পানির বোতল কুড়িয়ে বিক্রি করত, কখনোবা পানি বিক্রি করত। বিমানবন্দর রেলস্টেশনের বেশির ভাগ দোকানি তাকে চিনতেন।
দুই বছর আগের একদিন (২০২১ সালের ২৫ এপ্রিল) বিমানবন্দর-সংলগ্ন বলাকা ভবনের সামনের সড়কের পাশে শিশুটির মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি হত্যা মামলা হয়।
পরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে, পথশিশুটি খুন হয়েছিল তার দীর্ঘ দিনের পরিচিত এক ব্যক্তির হাতে। আনুমানিক ২৫ বছর বয়সী ওই ব্যক্তিও ছিন্নমূল হিসেবে বিমানবন্দর রেলস্টেশন এলাকায় থাকতেন। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন তিনি। শিশুটিকে রাতে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেছিলেন। শিশুটি বাধা দেওয়ায় পাথর দিয়ে তার মাথায় আঘাত করেন। ঘটনাস্থলে শিশুটি মারা যায়।
ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি। মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব হোসাইন প্রথম আলোকে বলেন, অভিযুক্ত আসামি পেশাদার একজন অপরাধী। তাঁর বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে। শিশুটি খুন হওয়ার পর জানা গেল, লোকটি বিমানবন্দর রেলস্টেশন এলাকায় আরও অনেক পথশিশুকে ধর্ষণ করেছিলেন।
এই শিশুর মৃত্যুর মধ্য দিয়ে এটা স্পষ্ট হয় যে পথশিশুদের অনেকেই নির্মম-নিষ্ঠুর আচরণের শিকার হচ্ছে। কারও জীবন যাচ্ছে, কেউ যন্ত্রণা নিয়ে বেঁচে আছে। এদের দেখভাল করার দায়িত্ব ছিল সমাজসেবা-সংশ্লিষ্ট দপ্তরগুলোর। তারা যথাযথ ভূমিকা নিলে পথশিশুরা আরও একটু ভালো জীবন পেত।জেড আই খান পান্না, চেয়ারপারসন, আইন ও সালিশ কেন্দ্র
বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আসলাম উদ্দিন মোল্লা প্রথম আলোকে বলেন, বিমানবন্দর রেলস্টেশনের ভাসমান পথশিশুদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত শিশুটির গ্রামের বাড়ি নোয়াখালী। তবে নোয়াখালীর কোথায় বাড়ি, তা জানা যায়নি। অনেক চেষ্টা করেও তার বাবা-মায়ের নাম জানা সম্ভব হয়নি।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২১ সালের ২৪ এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শিশুটিকে বিমানবন্দর রেলস্টেশন থেকে ডেকে নিয়ে বলাকা ভবনের দিকে যেতে দেখেছিলেন মোহাম্মদ আলী নামের একজন। পরদিন বলাকা ভবনের সামনের সড়কের কাছ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, শিশুটি ধর্ষণের শিকার হয়েছিল।
অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে অভিযোগপত্রে বলা হয়েছে, ওই ব্যক্তিও বিমানবন্দর এলাকায় বোতল কুড়াতেন। তাঁর চরিত্র ভালো নয়। প্রায়ই তিনি ছোট পথশিশুদের ধর্ষণ করতেন।
ঘটনার বিবরণে অভিযোগপত্রে বলা হয়, ওই দিন শিশুটিকে ১০০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন আসামি। এ সময় শিশুটি বাধা দেয় এবং আসামির বাবা-মা তুলে গালিগালাজ করে। তখন আসামি বড় একটা পাথর দিয়ে শিশুটির কপাল ও মাথায় সজোরে আঘাত করেন। শিশুটির মৃত্যু নিশ্চিত করার পর মরদেহের ওপর ঘাস ও লতাপাতা দিয়ে ঢেকে পালিয়ে যান।
যে পাথরখণ্ড দিয়ে শিশুটিকে হত্যা করা হয়, সেটি মামলার আলামত হিসেবে জব্দ করেছে পুলিশ। এ ছাড়া রক্তমাখা পলিথিন এবং একটি ট্রাউজার ও একটি লুঙ্গিও জব্দ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা মাহবুব হোসাইন প্রথম আলোকে বলেন, ‘মা-বাবাহারা পথশিশুর হত্যাকারীর শাস্তি নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করা হয়েছে। আশা করি আসামির সর্বোচ্চ শাস্তি হবে।’
এ বিষয়ে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন জেড আই খান পান্না প্রথম আলোকে বলেন, এই শিশুর মৃত্যুর মধ্য দিয়ে এটা স্পষ্ট হয় যে পথশিশুদের অনেকেই নির্মম-নিষ্ঠুর আচরণের শিকার হচ্ছে। কারও জীবন যাচ্ছে, কেউ যন্ত্রণা নিয়ে বেঁচে আছে। এদের দেখভাল করার দায়িত্ব ছিল সমাজসেবা-সংশ্লিষ্ট দপ্তরগুলোর। তারা যথাযথ ভূমিকা নিলে পথশিশুরা আরও একটু ভালো জীবন পেত।
১০ এপ্রিল প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) একটি জরিপে বলা হয়েছে, দেশের পথশিশুদের প্রায় ৯৬ শতাংশই তাদের কর্মক্ষেত্রে কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হয়। তাদের মধ্যে প্রায় ৬১ দশমিক ৭ শতাংশ পথশিশু শারীরিক নির্যাতনের শিকার হয় বা মার খায়। প্রায় ৪৪ দশমিক ৮ শতাংশ শিশু মৌখিক হুমকি পায়।