
রাজধানীর গেন্ডারিয়ায় ছুরিকাঘাতে শাহাদাত নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অভিযোগ, তাঁর বড় ভাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। লাশটি বর্তমানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে রাখা আছে।
প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গেন্ডারিয়া থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম। তিনি বলেন, ছোট ভাই শাহাদাত হোসেনের খুনের সঙ্গে জড়িত বড় ভাই শামীম হোসেন মাদকাসক্ত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। পারিবারিক বিরোধের জেরে শাহাদাতকে ছুরিকাঘাত করে তিনি পালিয়ে যান। তাঁর বিরুদ্ধে গেন্ডারিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন।
শাহাদাতের শ্যালক ইমরান শেখ প্রথম আলোকে বলেন, গতকাল শুক্রবার রাতে তাঁর বোন রান্না করতে যান। তখন শামীম হোসেনও সেখানে যান। একপর্যায়ে তাঁদের মধ্যে কথা–কাটাকাটি হয়। পরে শাহাদাতের সঙ্গে তর্কে জড়ান শামীম। একপর্যায়ে শাহাদাতের বুকে ছুরিকাঘাত করে শামীম পালিয়ে যান।
ময়নাতদন্তের জন্য শাহাদাতের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।