
রাজধানীর মিরপুরে স্কুলের সামনে সুইচ গিয়ার চাকু বিক্রির অভিযোগে রেজাউল করিম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর কাছ থেকে ১০৫টি চাকু জব্দ করা হয়। পরে তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।
গতকাল সোমবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রেজাউলকে গ্রেপ্তার করে ডিবির মিরপুর বিভাগ। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গোয়েন্দা মিরপুর বিভাগ সূত্র জানায়, সোমবার মিরপুরের শাহ আলী বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এক ব্যক্তি গোপনে সুইচ গিয়ার চাকু বিক্রি করছেন, এমন খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়। এ সময় রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর সঙ্গে থাকা একটি বাজারের ব্যাগ তল্লাশি করে বিভিন্ন আকারের ১০৫টি চাকু উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জিজ্ঞাসাবাদে রেজাউল করিম জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরের বিভিন্ন কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের কাছে এসব চাকু বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় তাঁকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে আদালত এক বছরের সশ্রম কারাদণ্ড দেন।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর ভোররাতে রাজধানীর দারুসসালামের গাবতলী এলাকায় ১৬ বছরের এক কিশোর তার শখের চাকু দিয়ে এক রিকশাচালককে হত্যা করে।
ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন কিশোরদের অপরাধ ও সহিংসতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েক সপ্তাহে কুমিল্লা ও চট্টগ্রামে কিশোরদের সম্পৃক্ততায় দুটি আলোচিত হত্যাকাণ্ড ঘটেছে। বিভিন্ন জেলায় কিশোর গ্যাং বিরোধী অভিযানও চলছে।
পুলিশ জানিয়েছে, ঢাকাতেই ১২৭টি ‘কিশোর গ্যাং’ বা উপদল শনাক্ত করা হয়েছে। পুলিশ সদর দপ্তরও সম্প্রতি মাঠপর্যায়ে কিশোর গ্যাং ও তাদের পৃষ্ঠপোষকদের তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে।
রাজধানীর পল্লবীর বাউনিয়াবাদ আবাসিক এলাকা থেকে গতকাল অস্ত্রসহ মো. জনি (২৮) ও মো. পারভেজ (৩১) নামের দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি মিরপুর বিভাগ। এ সময় জনির কাছ থেকে একটি সচল ৯ এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচটি গুলি এবং পারভেজের কাছ থেকে একটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করা হয়।
ডিবি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন দাবি করেছেন, পলাতক বাবু নামের আরেক ব্যক্তির কাছে আরও একটি অস্ত্র ছিল। তাঁরা দীর্ঘদিন ধরে এলাকায় দখলদারি ও আধিপত্য বিস্তার করে আসছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় পল্লবী থানায় মামলা হয়েছে।