রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে অটোরিকশা থেকে ছিটকে পড়ে মুক্তা আক্তারের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁর স্বামী লিমন হোসেন বাদী হয়ে তুরাগ থানায় মামলাটি করেন।
ঢাকা মহানগর পুলিশের তুরাগ থানার দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) সামিয়া রহমান প্রথম আলোকে বলেন, সকালে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে দস্যুতা ও খুনের অভিযোগে মামলাটি করেন।
তবে আলোচিত এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন পুলিশের উত্তরা অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আহম্মদ আলী। আজ বিকেলে তিনি প্রথম আলোকে বলেন, জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে উত্তরার হাউস বিল্ডিং মার্কেটের পথে, মেট্রোরেল স্টেশনের মাঝামাঝি এলাকায় ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। তখন চলন্ত অটোরিকশায় থাকা অবস্থায় মুক্তা আক্তারের ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে একটি প্রাইভেট কারে থাকা ছিনতাইকারীরা। এতে টান লেগে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ বলছে, ঘটনাটি পরিকল্পিত ছিনতাই নাকি সুযোগ বুঝে সংঘটিত অপরাধ, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ব্যবহৃত গাড়িটি শনাক্তে কাজ চলছে।