কোমরের বেল্টে লুকিয়ে এনেছিলেন সোনার ২৪টি বার

সোনার বার, স্বর্ণালংকারসহ আটক করা হয় আতিক উল্লাহকে
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে সোনার ২৪টি বার ও ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। শারজাহ থেকে আজ বুধবার সন্ধ্যায় আসেন ওই যাত্রী। তাঁকে আটক করে বিমানবন্দর শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে।

ওই যাত্রীর নাম মোহাম্মদ আতিক উল্লাহ। চট্টগ্রামের হাটহাজারীতে তাঁর বাড়ি।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এয়ার অ্যারাবিয়া এয়ারলাইনসের একটি উড়োজাহাজে করে আতিক উল্লাহ শারজাহ থেকে সন্ধ্যা সাতটার দিকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পৌঁছান। এরপর তাঁকে সন্দেহ হলে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাঁর কোমরের বেল্টের ভেতরে ২৪টি সোনার বার ও স্বর্ণালংকার পাওয়া যায়। উদ্ধার করা সোনার বারগুলো ২৪ ক্যারেটের। এ সোনার ওজন ২ কেজি ৭৯৬ গ্রাম। এ ছাড়া ২২ ক্যারেটের ১০০ গ্রাম স্বর্ণালংকারও উদ্ধার করা হয় তাঁর কাছ থেকে।

উদ্ধার করা সোনা ও আটক ব্যক্তিকে বিমানবন্দর শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪টি সোনার বারের আনুমানিক মূল্য ২ কোটি ১ লাখ ৬০ হাজার টাকা। আর স্বর্ণালংকারের মূল্য প্রায় সাড়ে আট লাখ টাকা।