একটি নিবন্ধনহীন মোটরসাইকেল, একটি খুন ও এক করুণ কাহিনি

নিহত সুরুজ আলী
নিহত সুরুজ আলী

স্বামী খুন হয়েছিলেন। তা পুলিশকে জানাননি স্ত্রী। তবে হাসপাতাল থেকে লাশ নিতে গিয়ে খুনের কথা পুলিশকে জানাতেই হয়। আর তাতেই বেরিয়ে আসে একটি নিবন্ধনহীন মোটরসাইকেল, একটি খুন ও একটি পরিবারের করুণ কাহিনি।

নিহত ব্যক্তির নাম সুরুজ আলী। ৩১ বছর বয়সী তরুণ। তিনি খুন হন গত ১৯ জুন রাজধানীর কাফরুলে বর্ণমালা সড়কে।

পুলিশ জানিয়েছে, জীবিকার সন্ধানে স্ত্রী বন্যা আক্তার ও দুই শিশুসন্তানকে নিয়ে ঘটনার দেড় মাস আগে সিরাজগঞ্জ থেকে ঢাকায় এসেছিলেন সুরুজ। এসে কাজ নেন একটি লন্ড্রির দোকানে। সেখানে সামান্য আয়ে সংসার চলছিল না। কিছুটা বাড়তি আয়ের আশায় রাতে ঢাকায় শরিকি যাত্রা বা রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল চালাতেন।

রাতে কেন সুরুজ মোটরসাইকেল চালাতেন, তা তাঁর স্ত্রী পুলিশকে জানিয়েছেন। পুলিশ বলছে, সুরুজ যে মোটরসাইকেল চালাতেন, সেটির নিবন্ধন ছিল না। দিনে চালালে ট্রাফিক পুলিশের হাতে জরিমানার মুখে পড়তে হবে, তাই রাতে চালাতেন সুরুজ।

রাজধানীর কাফরুলে গত ১৯ জুন রাতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সুরুজ মিয়া। পুলিশ জানিয়েছে, তাঁকে রাস্তায় পড়ে থাকতে দেখে চার ব্যক্তি একটি সিএনজিচালিত অটোরিকশায় করে পল্লবীর কালশীর বাসায় পৌঁছে দেন। একজন মোটরসাইকেলটি সুরুজের বাসায় নিয়ে যান। পরে সুরুজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তাঁর স্ত্রী। চিকিৎসাধীন অবস্থায় ২১ জুন সুরুজ মারা যান।

পুলিশের ভাষ্য, সুরুজের স্ত্রী তাঁর স্বামীকে খুনের ঘটনাটি পুলিশকে না জানানোর কারণ তাঁর (স্ত্রী) আশঙ্কা ছিল পুলিশ জানলে নিবন্ধনহীন মোটরসাইকেলটি জব্দ করা হতে পারে। মোটরসাইকেলটি লন্ড্রির দোকানের মালিকের। সেটি জব্দ করা হলে মোটরসাইকেলের মালিকের চাপের মুখে পড়তে হবে, সেই আশঙ্কা ছিল তাঁর।

সুরুজের স্ত্রী তাঁর স্বামীকে উদ্ধার করা চার ব্যক্তিকে বিষয়টি চেপে যাওয়ার অনুরোধও করেছিলেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের অনুমতি ছাড়া লাশ হস্তান্তরে অস্বীকৃতি জানায়। বাধ্য হয়েই তখন তাঁর স্ত্রী ঢাকার কাফরুল থানায় যান। এ ঘটনায় হত্যা মামলা হয়।

অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে কাফরুল থানা-পুলিশ। গত ২৪ ও ২৬ জুন কাফরুল এলাকা থেকে দুই কিশোর এবং দুই তরুণকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ছিনতাইকারী চক্রটি ছিল কিশোর অপরাধীদের। কিশোরেরা মাদকাসক্ত। তারা ছিনতাই করে মাদকের টাকা জোগাড় করত।

হত্যাকাণ্ডে জড়িত এক কিশোরের বরাত দিয়ে পুলিশকে বলছে, সে মোটরসাইকেল ছিনতাই করতে ঘটনার দিন রাতে ঢাকার বিমানবন্দর থেকে যাত্রীবেশে সুরজের মোটরসাইকেলে ওঠে। গন্তব্যের কথা জানায় কাফরুলের বর্ণমালা সড়ক। সেখানে তার চক্রের সদস্যদের অবস্থান করার কথা ছিল। তবে তার চক্রের সদস্যরা ওই সড়কে ছিল না। এ কারণে কিশোরটি সুরুজকে মূল সড়ক থেকে ভেতরের দিকে যেতে বলে। কিন্তু নির্দিষ্ট গন্তব্যের কথা বলছিল না। এতে সুরজের সন্দেহ হয়। তিনি আর এগোতে চাননি।

একপর্যায়ে ভাড়া নিয়ে কিশোরের সঙ্গে সুরুজের কথা-কাটাকাটি হয়। সুরুজকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় কিশোর।

পুলিশের মিরপুর অঞ্চলের সহকারী কমিশনার (এসি) হাসান মুহতারিম প্রথম আলোকে বলেন, সুরুজ ঝুঁকিপূর্ণভাবে শরিকি যাত্রায় যাত্রী পরিবহন করছিলেন। প্রথমত, তাঁর মোটরসাইকেলের নথিপত্র ছিল না। দ্বিতীয়ত, তিনি কোনো অ্যাপ ব্যবহার করে যাত্রী পরিবহন করছিলেন না।

ঝুঁকিপূর্ণ শরিকি যাত্রার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন এই পুলিশ কর্মকর্তা।

যেভাবে শনাক্ত

যে ব্যক্তিরা সুরুজকে বাসায় পৌঁছে দিয়েছিলেন, তাঁদের খুঁজে বের করে পুলিশ ঘটনাস্থলে যায়। তদন্ত কর্মকর্তারা বলছেন, আশপাশের ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দেখা যায়, এক ব্যক্তি দৌড়ে পালাচ্ছেন। তবে তাঁর চেহারা ছিল অস্পষ্ট। পরে আশপাশে আরও কিছু রাস্তার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়। একটি ফুটেজ দেখে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়।

কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, তদন্তে নেমে স্থানীয় তথ্যদাতাদের (সোর্স) মাধ্যমে ঘটনায় জড়িত কিশোরকে শনাক্ত করা হয়। পরে তাকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদে ঘটনার বিস্তারিত বেরিয়ে আসে।

কিশোরটি ঘটনার দিন তার পরনে থাকা পোশাক বন্ধুর বাড়িতে রেখেছিল জানিয়ে কামরুল ইসলাম বলেন, তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও তিনজনকে আইনের আওতায় আনা হয়। তাঁদের মধ্যে দুজন প্রাপ্তবয়স্ক, একটি কিশোর। সবার বাসা কাফরুলে। কিশোর দুটিকে আদালতের মাধ্যমে শিশু-কিশোর উন্নয়নকেন্দ্রে পাঠানো হয়েছে।

যমুনার চর থেকে ঢাকায়, ফেরা লাশ হয়ে

সুরজ হত্যা মামলার এজাহারে তাঁর স্ত্রী যে মুঠোফোন নম্বর দিয়েছিলেন, সেটি বন্ধ পাওয়া গেছে। পরে সুরুজের গ্রামে খোঁজ নিয়ে তাঁর পরিবার সম্পর্কে জানা যায়।

সুরুজের গ্রাম সিরাজগঞ্জের নিশ্চিন্তপুরের কাটাখালীতে যমুনার চরে। তাঁর বাবার নাম ভোলা শেখ। সুরুজ তাঁর একমাত্র ছেলেসন্তান। ভোলা শেখ মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। ঢাকায় আসার আগে সুরুজও মাছ শিকার করতেন। স্থানীয় লোকজন বলছেন, পরিবার নিয়ে একটু ভালোভাবে বাঁচতে সুরুজ দেড় মাস আগে ঢাকায় যান। তিনি ফিরেছেন লাশ হয়ে।

সিরাজগঞ্জের নিশ্চিন্তপুরের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবদুল জলিল প্রথম আলোকে বলেন, সুরুজদের ভিটেবাড়ি ছাড়া তেমন জমি নেই। কয়েকবার তাঁর পরিবার নদীভাঙনের কবলে পড়েছে। সুরুজের দুটি ছেলেসন্তান রয়েছে। একটির বয়স এক বছর, অন্যটির আড়াই বছরের মতো।

আবদুল জলিল বলেন, সুরুজের মৃত্যুর পর পরিবারটি একেবারে অসহায় হয়ে পড়েছে।

ঢাকায় অপরাধ

সমাজবিজ্ঞানী ও অপরাধ বিশ্লেষকেরা বলছেন, সুরুজ নিহতের ঘটনায় কয়েকটি উপাদান উল্লেখ্যযোগ্য। সেটা হলো কাজের খোঁজে ঢাকায় আসা বা অভ্যন্তরীণ অভিবাসন, শরিকি যাত্রার নামে নিয়মবহির্ভূত মোটরসাইকেল চলাচল, রাতের অনিরাপদ ঢাকা, মাদক ও কিশোর অপরাধ।

রাজধানীতে হাতের নাগালেই পাওয়া যায় মাদক। ছিনতাই এখন একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিশোর অপরাধ নিয়ে উদ্বেগ বাড়ছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মামলার উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায়, রাজধানীতে ২০২২ সালে বিভিন্ন অপরাধে মামলা হয়েছে ২৮ হাজার ৭৪৯টি, যা আগের বছরের চেয়ে ১৫ শতাংশ বেশি। বেশি বেড়েছে খুন, চুরি, ডাকাতি, দস্যুতা ও মাদকসংক্রান্ত অপরাধ।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুহাম্মদ উমর ফারুক প্রথম আলোকে বলেন, মাদক, কিশোর অপরাধ, ছিনতাইয়ের মতো সমস্যাগুলো দূর করতে জোরালো পদক্ষেপ দরকার। সেটার ঘাটতি আছে। এ কারণে মানুষ ভুক্তভোগী হচ্ছে। সুরুজের মতো ঘটনা আরও ঘটার আশঙ্কা থাকে।